নিম্নমানের ভোজ্য লবণ কারখানাকে বন্ধ করা হবে

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৬

ইত্তেফাক রিপোর্ট

বিএসটিআই-এর মাধ্যমে নিম্নমানের ভোজ্য লবণ বাজারজাতকারীদের চিহ্নিত করে কালো তালিকাভুক্ত করা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। সেই সাথে এ ধরনের লবণ উত্পাদনকারী কারখানাকে বন্ধ করে দেওয়া হবে বলেও তিনি জানান। বাংলাদেশ লবণ মিল মালিক সমিতির এক প্রতিনিধি দলের সাথে বৈঠককালে শিল্পমন্ত্রী এ কথা বলেন। শিল্প মন্ত্রণালয়ে গতকাল এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লবণ শিল্পের সমস্যা ও করণীয় সম্পর্কে আলোচনা হয়। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা বলেন, ইন্ডাস্ট্রিয়াল সল্টের নামে কোনো কোনো আমদানিকারক সোডিয়াম ক্লোরাইড আমদানির ফলে সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে। তারা এ বিষয়ে কঠোর হতে শিল্পমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। বৈঠকে শিল্পমন্ত্রী বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় পরিমিত পরিমাণে আয়োডিনযুক্ত ভোজ্য লবণ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। এ লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বিএসটিআই কাজ করে যাচ্ছে। আয়োডিনবিহীন কিংবা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভোজ্য লবণ বাজারজাতকারীদের সাথে সরকার কোনো আপস করবে না। পাশাপাশি যেসব লবণ মিল ভোজ্য লবণে পরিমিত পরিমাণে আয়োডিন মিশ্রণ করবে, সরকার তাদের স্বার্থ সুরক্ষা করবে। জাতীয় স্বার্থে লবণ চাষিদেরও সুরক্ষা দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।