বাংলাদেশের উন্নতিতে মুগ্ধ আইসিসি চেয়ারম্যান

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০০

স্পোর্টস রিপোর্টার

ভারতে তিনি পরিচিত ক্রিকেট দুনিয়ার বিরল একজন নীতিবান মানুষ হিসেবে। আইসিসির চেয়ারম্যান হওয়ার পরও বিভিন্ন সময় খোদ নিজের দেশের বোর্ডের বিরোধিতা করে সংবাদে এসেছেন শশাঙ্ক মনোহর। আইসিসির অনেক কিছুই বদলে দেওয়া এই মানুষটি এখন বাংলাদেশ সফরে আছেন।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল দেখতে তিন দিনের সফরে ঢাকায় এসেছেন আইসিসি চেয়ারম্যান। গতকাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতির সঙ্গে গিয়েছিলেন জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শনে। আর বিকেলে তাকে স্থানীয় একটি হোটেলে সংবর্ধনা দিয়েছে বিসিবি। সেখানেই সাংবাদিকদের সঙ্গে আলাপ করতে গিয়ে মনোহর বলেছেন, বাংলাদেশের ক্রিকেট গত কয়েক বছরে যে উন্নতি করেছে, সেটা অসাধারণ। তবে দলটিকে আরও ধারাবাহিক হয়ে ওঠার পরামর্শ দিয়েছেন ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার এই প্রধান।

মনোহরকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বিসিবির কর্মকর্তাদের পাশাপাশি নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। ছিলেন বিশিষ্ট সংগীত শিল্পী রুনা লায়লা। সেখানে কথা বলতে গিয়ে বাংলাদেশের ক্রিকেট প্রসঙ্গে মনোহর বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট গত কয়েক বছরে অনেক উন্নত হয়েছে। তারা এখন ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তানকে হারাতে পারে। তবে বাংলাদেশকে দেশের বাইরে আরও ধারাবাহিক হয়ে উঠতে হবে। তাহলে বাংলাদেশ সত্যিকারের বড় দল হয়ে উঠবে।’

বাংলাদেশে এটা ছিল মনোহরের তৃতীয় সফর। এর আগে ২০১০ সালে এসেছিলেন তিনি। এসেছিলেন ২০১১ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও। সেই অভিজ্ঞতার সঙ্গে এখানকার ঢাকাকে মেলাতে গিয়ে একটু অবাক হয়েছেন এই অভিজ্ঞ আইনজীবী। বলছিলেন, ‘ঢাকা অনেক বদলে গেছে। এই সময়ে শহর অনেক উন্নত হয়েছে। এবার দেখে আমি অবাক হয়েছি।’

তবে আইসিসি সভাপতির কথাবার্তায় আন্তর্জাতিক ক্রিকেটের প্রসঙ্গ না এসে পারে না। তিনি টেস্ট ও টি-টোয়েন্টি নিয়ে কথা বলছিলেন। টি-টোয়েন্টি তার কাছে চলচ্চিত্রের মতোই মজার একটা খেলা। আসল খেলা টেস্ট। কিন্তু টেস্ট ক্রিকেট তার মতে মৃত্যুর দিকে এগোচ্ছিল। আর সেটা ঠেকাতেই টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু হচ্ছে বলে বললেন আইসিসি চেয়ারম্যান, ‘টি-টোয়েন্টি একটা মজার খেলা। এটা দেখে লোকে চলচ্চিত্র দেখার মতো আনন্দ পায়। কিন্তু টেস্ট ক্রিকেট মরে যাচ্ছিল। আর সেটা ঠেকাতেই আমরা টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু করছি।’

ক্রিকেটের বিশ্বায়ন নিয়েও কথা হলো। মনোহর বললেন, ইউরোপে ক্রিকেট আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠছে। এটা ভালো লক্ষণ, ‘ইউরোপে অনেকগুলো দেশ এখন ক্রিকেট খেলছে। ওখানে আস্তে আস্তে খেলাটা জনপ্রিয়তা পাচ্ছে।’