স্পোর্টস ডেস্ক
শিরোপাধারী বার্সেলোনাকে কোপা দেল রেতে তাদেরই মাঠে ১-১ গোলে রুখে দিয়ে সেমিফাইনালের নিষ্পত্তি সান্তিয়াগো বার্নাব্যুর জন্য তুলে রাখলো রিয়াল মাদ্রিদ। ড্রয়ের পর বার্সেলোনা মিডফিল্ডার সার্জিও বুস্কেটস এটিকে ন্যায্য ফলাফল বললেও এ খেলায় রিয়ালের তারকা লুকাস ভাস্কেজ জানালেন আরও বেশি প্রাপ্য ছিল তাদের।
বার্সেলোনা কোচ আর্নেস্তো ভালভার্দে ডান পায়ের চোট থেকে মাত্র উঠে আসা লিওনেল মেসিকে শুরুর একাদশে রাখেননি। দলের সেরা তারকার অনুপস্থিতির বিরূপ প্রভাব পড়ে কাতালান ক্লাবটির পারফর্মেন্সে। তারই সুযোগ নিয়ে পঞ্চম মিনিটেই মহামূল্য ‘অ্যাওয়ে গোল’টি পেয়ে যায় রিয়াল মাদ্রিদ। বক্সের ভেতরে করিম বেনজেমার পাস থেকে বার্সার জালে বল জড়ান তরুণ ফরোয়ার্ড ভাসকেজ। এরই সুবাদে ন্যু ক্যাম্পে টানা ১৫ ম্যাচে গোলের দেখা পেলো রিয়াল, যা ক্লাসিকো ইতিহাসে প্রতিপক্ষের মাঠে তাদের টানা গোল করার রেকর্ড।
এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যাওয়া বার্সেলোনা দ্বিতীয়ার্ধে গুছিয়ে ওঠে। ৫৬ মিনিটে বাম প্রান্ত ধরে আগুয়ান জর্দি আলবাকে রুখতে বক্স ছেড়ে বেরিয়ে এসে সে যাত্রায় সফল হন রিয়াল গোলরক্ষক। ফিরতি সুযোগে লুই সুয়ারেজের শট সার্জিও র্যামোস গোলরেখা থেকে ঠেকালে বল যায় ম্যালকমের পায়ে। সেখানে তিনি লক্ষ্যভেদ করলে সমতায় ফেরে বার্সা। এরপর মেসির আগমন ঘটলেও গোলের দেখা পায়নি স্বাগতিকরা।
মিডফিল্ডার বুস্কেটস নিজেদের মাঠে ড্রয়ের পরও এটিকে দেখছেন ন্যায্য ফল হিসেবেই। তার ভাষায়,‘সাধারণভাবে দেখলে, ড্র ন্যায্য ফলাফলই। সমানে সমানে লড়াই ছিল এটি। সবকিছু দ্বিতীয় লেগেই নির্ধারিত হবে। আজ ম্যাচটা জিততে দুই দলই সমান সুযোগ পেয়েছিল। যদিও আমরা তাদের মাঠে খেলবো তবুও এখনো ৫০-৫০ সম্ভাবনা আছে। ম্যাচটির কোনো ফেভারিট নেই। আমরা ইউরোপ এবং স্পেনের সেরা দুই দল।’
তবে বুস্কেটসের এই বক্তব্যের সঙ্গে একমত নন রিয়াল ফরোয়ার্ড ভাসকেজ। তিনি বলেন,‘এটা কিছুটা অম্লমধুর অনুভূতি কেননা দলের আরও বেশি কিছু প্রাপ্য ছিল। গোলটির মাধ্যমে দলকে সাহায্য করতে পেরে আমি শিহরিত কিন্তু ম্যাচটি জেতার জন্য আরেকটু বেশি চেষ্টার প্রয়োজন ছিল যা আমরা দিতে পারিনি।’
এই ম্যাচের নৈপুণ্য ২৭ ফেব্রুয়ারি নিজেদের মাঠেও ধরে রাখার প্রত্যয় ঝরে পড়লো ভাসকেজের কণ্ঠে,‘৯০ মিনিটে আমরা যা চেষ্টা করেছি তার তারিফ করতেই হবে কেননা সবাই বেশ তীব্রতার সঙ্গে আক্রমণভাগ এবং রক্ষণ দুই প্রান্তেই কঠিন পরিশ্রম করেছে, এটাই আমার দলের বিশেষত্ব। এটা ধরে রাখতে হবে আমাদের।’
ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ গোল করায় বার্নাব্যুর ফিরতি লেগে গোল করার বিকল্প নেই বার্সেলোনার। তবে সেটি মেনে নিলেও তার আগে শান্ত থাকার তাগিদও শোনা গেল কোচ ভালভার্দের কণ্ঠে। তিনি বলেন,‘এটা পরিষ্কার যে বার্নাব্যুতে গোল করতেই হবে আমাদের। তবে সেই ম্যাচের আগে অনেক কিছুই বাকি আছে। আমাদের শান্ত থাকতে হবে এবং মনোনিবেশ করার জন্য পর্যাপ্ত সময়ও পাবো আমরা।’
