সিটি আবার শীর্ষে

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০১

 স্পোর্টস ডেস্ক

পেপ গার্দিওলা বলেছেন এভার্টনের মাঠে জিতে ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষে ফেরার মধ্যদিয়ে ম্যানচেস্টার সিটি শিখলো ‘কখনোই হাল ছাড়তে নেই’।

ম্যানচেস্টার সিটি গত বুধবার রাতে এভার্টনকে ২-০ গোলে হারায়। গোলদুটি করেন  ডিফেন্ডার আইমেরিক ল্যাপোর্তে ও গ্যাব্রিয়েল জেসুস। শেষ গোলটি ছিল যোগ হওয়া সময়ে। এ জয়ের সুবাদে সিটি তাদের শিরোপা প্রতিদ্বন্দ্বী লিভারপুলের সাথে ৬২ পয়েন্টে এসে দাঁড়ায়। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থাকে কোচ গার্দিওলার দল। লিভারপুল আপাতত দ্বিতীয় স্থানে গড়িয়ে গেলেও কোচ য়ুর্গেন ক্লপের দল সিটির চেয়ে এক ম্যাচ কম খেলেছে।

এক সপ্তাহ আগেও সিটি ছিল লিভারপুলের চাইতে পাঁচ পয়েন্ট পেছনে। কিন্তু লিভারপুল সর্বশেষ টানা দুই ড্রয়ে পিছিয়ে পড়ে এবং সিটি ১৫ ডিসেম্বরের পর আবার পয়েন্ট টেবিলের শীর্ষে ঠাঁই নিল। সেটাই মনে করিয়ে দিয়ে স্পানিশ কোচ গার্দিওলা বলেন, ‘এখন আমরা লিগের শীর্ষে। এটাই হলো সেরা পরামর্শ, শিক্ষাটা হলো কখনো হাল ছাড়তে নেই। এটা সব অ্যাথলেটের জন্য শিক্ষা। কারণ হঠাত্ করেই জীবন বদলে যেতে পারে।’

তিনি আরো বলেন, ‘আমি জানি না অন্য প্রতিদ্বন্দ্বীরা কি ভাবছেন। শিরোপার লড়াইয়ে অনেক প্রতিদ্বন্দ্বী আছে। অবশ্যই প্রতিদ্বন্দ্বীরা আছে। অনেক খেলাও আছে। প্রতিটি খেলাই কঠিন। আমরা জানতাম এটাও কঠিন হতে যাচ্ছিল।’

বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাবেক এই কোচ সামনে কি পরিস্থিতি হতে যাচ্ছে সে ব্যাপারেও কথা বলেন। তার মতে, ‘আমাদের সামনে যে পরিমাণ খেলা আছে, তাতে আমরা ছুটি দিতে পারি না। আমরা ১০০ পয়েন্ট নিয়ে খেলতে আসি। আমরা চ্যাম্পিয়ন হিসেবে আসি। আমরা এমন এক পরিস্থিতির মধ্যে পড়েছিলাম যাতে করে আমরা হাল ছেড়ে দিতে পারতাম। কিন্তু তা ঘটেনি।’

চেলসির বিরুদ্ধে আসন্ন লড়াই সম্পর্কেও কথা বলেন গার্দিওলা। তিনি বলেন, ‘চেলসি ব্যতিক্রমী এক দল যারা কিনা প্রস্তুতির জন্য সাতদিন সময় পেয়েছে। আমাদেরকেও ভালো প্রস্তুতি নিতে হবে। আগামি সপ্তাহে এটা সত্যি আমাদের জন্য ফাইনালই হতে যাচ্ছে। যদিও আমরা এই পয়েন্টগুলো নিতে পারি, সেটা হবে বড় এক ধাপ এগিয়ে যাওয়া।’

বর্তমান চ্যাম্পিয়ন সিটির এটা দাপুটে নৈপুণ্য ছিল না। বরং তারা লড়াকু মানসিকতা দেখিয়ে আবার শিরোপা রক্ষার লড়াইয়ে যোগ দেয়। লিভারপুল অবশ্য আগামি শনিবার বোর্নমাউথের বিরুদ্ধে জিততে পারলে আবার পয়েন্ট টেবিলের শীর্ষে ফিরবে। এর ২৪ ঘন্টা পরই সিটি নিজেদের মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে আতিথ্য দেবে চেলসিকে।