স্পোর্টস ডেস্ক
ফুটবলের বিশ্ব সংস্থা ফিফা ও ইউরোপের খেলাটির দেখভালের দায়িত্বে থাকা উয়েফার সভাপতি পদে কেউ প্রার্থী হচ্ছেন না। তাই ফিফায় জিয়ান্নি ইনফান্তিনো এবং উয়েফায় আলেকজান্ডার সেফেরিনই থেকে যাচ্ছেন।
ফিফা গত বুধবার জানায় যে ইনফান্তিনো দ্বিতীয় দফায়ও সভাপতি পদে থেকে যাচ্ছেন। কারণ আগামী জুনের ভোটাভুটিতে তিনিই একমাত্র প্রার্থী। নারীদের বিশ্বকাপ ফুটবলের প্রাক্কালে ৫ জুন প্যারিসে এই ভোট অনুষ্ঠিত হবে।
ইনফান্তিনো ২০১৬ সালের ফেব্রুয়ারি থেকে ফিফার দায়িত্বে আছেন। ৪৮ বছর বয়সী এই সুইস দুর্নীতির কারণে কেপে ওঠা ফুটবলের বিশ্ব সংস্থার সাবেক সভাপতি কলংকিত সেপ ব্ল্যাটারের স্থলাভিষিক্ত হন। সাবেক টটেনহ্যাম ডিফেন্ডার র্যামন ভেগা ফিফা সভাপতি পদের নির্বাচনে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। কিন্তু এ জন্য আবশ্যক ২১১টি সদস্য দেশ নিয়ে গড়া ফিফার পাচটি ফেডারেশনের সমর্থন জোগাড় করতে পারেননি। ইনফান্তিনো ২০২৬ সালের বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের সংখ্যা ৩২ থেকে ৪৮ এ উন্নীত করার পরিকল্পনার কথা জানিয়েছেন। সম্ভব হলে কাতারে অনুষ্ঠিতব্য ২০২২ বিশ্বকাপ থেকেই এ পরিকল্পনা বাস্তবায়ন করতে চান তিনি। আগামী মার্চে এ ব্যাপারে সিদ্ধান্ত হতে পারে।
উয়েফায় মিশেল প্লাটিনির একসময়ের ডান হাত ইনফান্তিনো এছাড়াও ২০২১ সাল থেকে ২৪ দলের ক্লাব বিশ্বকাপ প্রচলনের আশা রাখেন। কিন্তু উয়েফা সভাপতি স্লোভেনিয়ার সেফেরিন এ ধারণার বিরোধিতা করছেন। সেফেরিনের গতকাল বৃহস্পতিবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় উয়েফায় সভাপতি নির্বাচিত হয়েছেন। সুপারস্পোর্ট
