আজ নিউজিল্যান্ড যাচ্ছেন আরও চার ক্রিকেটার

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০২

স্পোর্টস রিপোর্টার

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ১০ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত হবে ম্যাচটি। কিন্তু প্রস্তুতি ম্যাচে একাদশ গঠন করার মতো পর্যাপ্ত ক্রিকেটার এখনও নিউজিল্যান্ডে পৌঁছাননি। তাই আজই নিউজিল্যান্ড পাঠিয়ে দেওয়া হচ্ছে টেস্ট দলের দুই ক্রিকেটার মুমিনুল হক ও সাদমান ইসলাম অনিককে। আজ দুপুরের ফ্লাইটে তাদের সঙ্গে বিমানে চড়তে যাচ্ছেন ওয়ানডে দলে ডাক পাওয়া মোহাম্মদ মিঠুন ও শফিউল ইসলাম।

জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু গতকাল বলেছেন, প্রস্তুতি ম্যাচে একাদশ গঠন করা কঠিন হয়ে পড়েছে। তাই মুমিনুল-সাদমানকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। ওদের যাওয়ার কথা ছিল ১৫ ফেব্রুয়ারি। ওদের সাথে মিঠুন-শফিউলও যাচ্ছে। এদিকে গত বুধবার ঢাকা থেকে উড়াল দেওয়া আট ক্রিকেটার গতকাল নিউজিল্যান্ডে পৌঁছেছেন। বিপিএল ফাইনালের পর ৯ ফেব্রুয়ারি বিমানে চড়বেন ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সাকিব আল হাসান, রুবেল হোসেন, সাইফউদ্দিন ও কম্পিউটার অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরন। ১০ ফেব্রুয়ারি রাতে পৌঁছাবেন তারা। নিশ্চিতভাবেই প্রস্তুতি ম্যাচটি খেলা হবে না সাকিব-তামিমদের।