জয়ে ফিরেছে শেখ জামাল

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৩

স্পোর্টস রিপোর্টার

বসুন্ধরা কিংস ও মুক্তিযোদ্ধার কাছে হার। এরপর রহমতগঞ্জের সঙ্গে ড্র। সবমিলিয়ে তিন খেলায় মাত্র ১ পয়েন্ট পেয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব । সেই দলটি বিজেএমসির বিপক্ষে জয় পেয়ে এবার আরামবাগকেও ২-০ গোলে হারিয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট পেয়েছে।

শেখ জামাল আবার জয়ে ফিরেছে। কাল রাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শেখ জামাল যেন পুরোন চেহারায় ফিরে এসেছে। টানা তিন জয়ে ফুরফুরে মেজাজে থাকা আরামবাগকে মাটিতে নামিয়ে দিল শেখ জামাল।

আরামবাগ তাদের নিজেদের ভেন্যু ময়মনসিংহে প্রথম খেলায় শেখ রাসেলের কাছে হেরেছিল। সেই হারের পর আর আরামবাগও পেছনে ফিরে তাকায়নি। টানা তিন খেলায় জিতে ৯ পয়েন্ট। স্মরণকালে এই দলটির টানা তিন ম্যাচ জেতা হয়ে উঠেনি। হারল ঢাকায় এসে। ৬২ মিনিটে গাম্বিয়ান অধিনায়ক সলোমোন কিং পেনাল্টি থেকে গোল করেন ১-০। ৬৭ মিনিটে আর্জেন্টাইন লুসিয়ানো এমানুয়েল গোল করেন ২-০।

মারুফুল হকের কোচিংয়ে আরামবাগ দুর্দান্ত পারফরম্যান্স করছিল। মোহামেডান, সাইফ স্পোর্টিং, চট্টগ্রাম আবাহনীকে হারিয়ে তিন ম্যাচ জিতে আরামবাগ যেকোনো দলকে হুংকার দিচ্ছিল। শেখ জামালও ভয়ে ছিল। আরামবাগ কোচও ধরে নিয়েছিলেন শেখ জামালকে হারিয়ে দেবেন। কিন্তু তা হয়নি।

শেখ জামালের ‘ডিপডিফেন্ডিংয়ের’ কাছে মার খেয়েছে আরামবাগ। কোচ মারুফুল হকও বলছিলেন ‘ডিফডিফেন্ডিংয়ের কারণে স্পেস পায়নি আমার খেলোয়াড়রা। অভিজ্ঞতার অভাব রয়েছে।’ অভিজ্ঞ উইংগার জাহিদ মাঠে ছিলেন না। তাকে স্ট্যান্ডবাই তালিকায়ও ছিল না। কিন্তু কেন ? মোহামেডানের বিপক্ষে হ্যাটট্রিক পাওয়া জাহিদ কাল ঢাকার মাঠে আঠারজনেও ছিলেন না। আরামবাগের কোচিং স্টাফ সূত্রে জানা গেছে কৌলশগত কারণেই জাহিদকে নামানো হয়নি। ঢাকায় লিগে নিজেদের প্রথম খেলায় আরামবাগ হার নিয়ে ময়মনসিংহ ফিরে গেল, ১২ ফেব্রুয়ারি আবাহনীর বিপক্ষে ম্যাচ।