বুলু রানী ঘোষ
আজ আমি মিছিলে যাব
গায়ে জড়িয়ে প্রিয় মানচিত্র।
মাথায় বাঁধব সবুজ আর লাল।
আজ আমি মিছিলে যাব,
চোখে এঁকে মুক্ত বাংলার ছবি,
কণ্ঠে সাহস জাগানিয়া তাল।
আজ আমি মিছিলে যাব
আঠারোটি বুলেট বুকে নিয়ে,
দৃপ্ত পদক্ষেপে উঁচিয়ে তর্জনী।
আজ আমি মিছিলে যাব
সাম্যের জয়গানে মুখর,
দূর করে বিদ্বেষ হানাহানি।
আজ আমি মিছিলে যাব
যাব টুঙ্গিপাড়া ছাড়িয়ে
কাঁপিয়ে বত্রিশ নম্বর বাড়ি।
আজ আমি মিছিলে যাব
কণ্ঠ চিরে ‘জয় বাংলা’
সারা বিশ্বে জমাক পারি।
আজ আমি মিছিলে যাব,
মুজিবের মন্ত্রে নিয়ে দীক্ষা,
কণ্ঠে স্বাধীনতার জন্ম চিত্কার।
আজ আমি মিছিলে যাব,
মিছিল জুড়ে বাংলাদেশ,
সাথে জাগরিত জনতা আবার।
