ওবায়েদ আকাশ
সদ্য ভেজা ক্ষতে ডেটলবিদ্ধ হয়ে
যখন নতুন ঘাসের স্বপ্নে বিশ্বাস রাখছে মানুষ
স্বনির্মিত সংক্রমণ থেকে
অনিবার্য মুক্তির কথা নিশ্বাসে জড়িয়ে নিয়েছে—
তখন নিজের বুকে নিজেই বুলেট ছুঁড়ছে মানুষ?
প্রবল বৃক্ষের আশ্রয় ভেবে
বাতাসের সিনায় হাল জুড়ে দিয়ে
আগুন সিন্ধুতে ঝাঁপিয়ে পড়েছে মানুষ?
আর পিতৃনাম মুখে আনতে গিয়ে
গলগল করে রক্তবমি করছে মানুষ?
মানুষের কসরতগুলো কালো হতে হতে
ধানমণ্ডি বত্রিশ, সড়কের প্রাজ্ঞ রোদে একদিন
মধ্যাহ্নেই সূর্যাস্তের মতো চাঁদ
যে যার সাধ্যে ঘরে তুলেছিল মানুষ?
মানুষ? মানুষ? এবং মানুষ? জানি
সকলে নয়, তবু পরবর্তী ভোর হতে না হতেই
কেউ কেউ ব্যক্তিগত দেহ হারিয়ে
সারমেয় কিংবা সাপের খোলসে
নির্বিঘ্নে ঘুমিয়ে পড়েছে মানুষ!
