তোমাকে আজও খুঁজি

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ২১:১৫

খালেদ হোসাইন

 

তোমাকে আজও খুঁজি কেননা তুমি পুঁজি

যদিও মিশে আছ হূদয়ে মর্মে

উপস্থিতি চাই কেননা ওড়ে ছাই

তোমার জনগণ গলদঘর্মে

 

খানিক বিচলিত, কেননা প্রত্যাশা

উপ্ত করেছ যা তা বিপর্যস্ত।

তোমার মননের সর্ব হননের

সঙ্গে নিহত যে উদয়-অস্ত।

 

মানব-দরজায় গ্রেনেড গর্জায় 

জীবন কেড়ে নেয় চাপাতি খড়্গ 

দেশকে নারকীয় করতে ওরা চায়

পৈশাচিকতাতেই পায় যে স্বর্গ।

 

তোমার কর্ষণ জীবনদর্শন

জীবনব্যাপী যতো করেছ কৃত্য

গ্রহণ না করেই অনেক হা করেই

মুখোশ পরে আজ করছে নৃত্য।

 

হূদয়ে রাখে যারা ছিটকে পড়ে তারা

‘চাটার দল’ দেয় প্রবল ধাক্কা

এখনো লুটপাট চলছে বেশুমার

এখনো উঁচুতেই আসন পাক্কা।

 

আলোর যে শিখাটি এখনো বেশি খাঁটি

হচ্ছে নিভুনিভু কেন্দ্রে প্রান্তে

খেই না হারাতেই তমসা তাড়াতেই

চাইছি তোমাকেই এখানে টানতে।

 

তোমাকে আজও খুঁজি কেননা তুমি পুঁজি

যদিও মিশে আছ হূদয়ে মর্মে

চাই সে তর্জনি উপস্থিতি চাই

তোমাকে দরকার সকল কর্মে।