আমি আমার সেই পিতার কথা বলছি

আপডেট : ১৪ আগস্ট ২০২১, ২১:১৬

অহনা নাসরিন

 

আমি আমার সেই পিতার কথা বলছি—

যাঁর আহ্বানে আমার পূর্ব পুরুষেরা

বর্শা আর বলগার আঘাতে দ্বিখণ্ডিত করেছিল

বলেছিলো—‘এইখানে আমার সভ্যতার বীজ প্রোথিত’।

 

আমি আমার সেই পিতার কথা বলছি—

যাঁর চোখ দুটো ছিলো ঘুমন্ত আগ্নেয়গিরি

আর বুক ছিলো বরফে আচ্ছাদিত নদী

তাঁর কথার দৃঢ়তায় পাহাড় থেকে ঝরনার উত্পত্তি।

 

আমি আমার সেই পিতার কথা বলছি—

যিনি পথের কাঁটার আঘাতে রক্তাক্ত হলে

ঔষধি গাছ খুঁজে নিতেন সবুজ অরণ্যে

মায়ের মমতা খেজুর পাতার শীতল পাটিতে।

 

আমি আমার সেই পিতার কথা বলছি—

যিনি একটি নির্মল হাসির কথা ভেবে

যৌবনে একযুগ কাটিয়ে দেন কারাবরণে

দেশমাকে বাঁচাতে উল্টো জলে সাঁতার কাটেন।

 

আমি আমার পিতা শেখ মুজিবের কথা বলছি—

যিনি ঠিক দাদিমার মতোই বুকে আগলে রাখতেন

তাঁর সাড়ে সাত কোটি বাঙালিকে; আর বলতেন

‘বাঙালি বীরের জাতি, ওরা হারতে শিখেনি’।