পারভেজ আহসান
বঙ্গ, গৌড়, পুণ্ড্র, সমতটে
সপ্তগাঁও, হরিকেল ও বরেন্দ্রভূমিতে
দীর্ঘদেহী এক জাদুকরি পুরুষ এসেছিলেন একদিন
তাঁর কণ্ঠে ছিল শেকলভাঙা রৌদ্রের গান
আগুন উত্তাপে ফোটানো দ্রোহের পঙিক্তমালা
মধুমতির ঢেউ
কুসুম ফোটানো ভোরের গল্প
বিস্মৃতকাল থেকে শূন্যতার এক দীর্ঘ ইতিহাস।
তিনি প্রমিথিউসের মতোন আলোক খণ্ড নিয়ে দাঁড়ালেন
স্বপ্নাহত মানুষের কাছে
তাঁর কাব্য কথা রৌদ্রাক্ষর হয়ে ফুটেছিল
সবুজ মাঠে দুরন্ত মেয়েটির মুখ ভেসে উঠেছিল মানুষের চোখে
তারা আ্ত্তপ্রতিকৃতির খোঁজে রক্তভেজা পথে দাঁড়িয়ে
গেয়েছিল মুক্তির গান ।
অতঃপর কিছু মানুষ বেভুলে হেঁটে যায় অন্য পথ ধরে
ব্ল্যাক স্ক্রিনে ঢেকে যায় চেতনার পোর্ট্রেট
জীর্ণ নরসুন্দায় তখন জেগে ওঠে এক অদ্ভুত বালুচর।
হে মানুষ বৃষ্টি ও জলের জন্যে ধ্যানস্থ হও আবার।
