বাংলাদেশের আধুনিক চিত্রকলার অন্যতম পথিকৃত্ চিত্রশিল্পী ও ভাষাসংগ্রামী মুর্তজা বশীরের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষ্যে পারিবারিকভাবে কোরআনখানি, দোয়া মাহফিল ও গরিব মানুষের মধ্যে খাবার বিতরণ করা হবে। শিল্পী মুর্তজা বশীর স্মরণে চট্টগ্রামে ‘আলট্রামেরীন’র সহযোগিতায় মৃন্ময় আর্ট গ্যালারিতে যৌথ প্রদর্শনী শুরু হবে আগামী ১৭ আগস্ট। প্রদর্শনী চলবে ৩১ আগস্ট পর্যন্ত।
এ ছাড়া আগামী সেপ্টেম্বরে শূন্য আর্ট স্পেসের সংগ্রহে থাকা শিল্পী মুর্তজা বশীরের ছাপচিত্র দিয়ে আয়োজন করা হবে একক চিত্রপ্রদর্শনী। বহুভাষাবিদ ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ্র কনিষ্ঠ সন্তান মুর্তজা বশীর কোভিড-১৯ আক্রান্ত হয়ে ৮৭ বছর বয়সে গত বছরের ১৫ আগস্ট মারা যান। আগামী ১৭ আগস্ট শিল্পী মুর্তজা বশীরের ৮৮তম জন্মবার্ষিকী। বাংলাদেশে ‘বিমূর্ত বাস্তবতা’ চিত্রধারণার প্রবর্তক শিল্পী মুর্তজা বশীরের ‘দেয়াল’, ‘শহীদ শিরোনাম’, ‘পাখা’ শীর্ষক বিখ্যাত কয়েকটি চিত্রমালা রয়েছে।
শিল্পী মুর্তজা বশীর ১৯৭৫ সালে লাভ করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার। বাংলাদেশের চিত্রকলায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় ১৯৮০ সালে তিনি পান একুশে পদক। ২০১৯ সালে সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য শিল্পী মুর্তজা বশীরকে স্বাধীনতা পদক প্রদান করা হয়। —প্রেস বিজ্ঞপ্তি
