ঝিনাইদহে মাঠে নেই বিএনপি

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২২:০০

ঝিনাইদহ সর্বত্র নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। কিন্তু এখন পর্যন্তু বিএনপি’র নেতাকর্মীদের মাঠে দেখা যাচ্ছে না। তবে নেতাকর্মীরা গ্রেফতার আতঙ্কে রয়েছেন বলে জানা গেছে। অপরদিকে জেলার প্রতিটি আসনে আওয়ামী লীগের নেতাকর্মীরা নৌকার ভোট চেয়ে বেড়াচ্ছেন।

ঝিনাইদহ জেলায় সংসদীয় আসন চারটি। প্রতিটি আসনে আওয়ামী লীগে গ্রুপিং আছে। আবার বিএনপিতেও গ্রুপি আছে। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে বিএনপি  মাঠ ছাড়া। ২০১৩ সালে একবার মাঠে নেমে সক্রিয় হয়েছিল। তবে সে সময় জামায়াত বেশি সক্রিয় ছিল। ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ ফাঁকা মাঠে জয়ী হওয়ার পর বিএনপি নেতাকর্মীরা মাঠে নামতে পারেনি। তাদের অভিযোগ, পুলিশ বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে একের পর এক নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা দিয়েছে।

জানা গেছে, জেলার ছয় উপজেলায় ৩শর বেশি মামলা  হয়েছিল।  মামলায় গ্রেফতার হয়ে বহু নেতাকর্মী এখন জেলে রয়েছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক এখনও জেলে আছেন। এছাড়া বহু নেতাকর্মী গ্রেফতার আতঙ্কে গা ঢাকা দিয়েছেন।

ঝিনাইদহ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মজিদ বলেন, ২০১৪ সালে ভোটারবিহীন বিতর্কিত নির্বাচনের পর তাদের উপর দমন-পীড়ন চলছে।  পুলিশ তাদের  দলীয় কর্মসূচি পালনে বাধা দিয়ে আসছে। মামলা থেকে জামিন নিয়ে তারা শক্তভাবে মাঠে নামবেন বলে জানান তিনি।