রংপুর বিভাগে করোনায় ১২ জনের মৃত্যু, আক্রান্ত ২৪২

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ১৫:৪০

রংপুর বিভাগে রবিবার (১৫ আগস্ট) সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১ হাজার ২৮৯ জনের নমুনা পরীক্ষা করে ৮ জেলায় একদিনে নতুন করে ২৪২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ৩ জেলায় একদিনে আরও ১২ জনের মৃত্যু হয়েছে।

এ সময়ে বিভাগের দিনাজপুরে ৫ জন, ঠাকুরগাঁওয়ে ৩ জন, রংপুরে ২ জন এবং নীলফামারী জেলায় ১ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩৮৯ জন। এ নিয়ে বিভাগে ২ লাখ ৩৯ হাজার ২শ’ ১৬ জনের নমুনা পরীক্ষা করে মোট ৫০ হাজার ৪শ’ ৫০ জন আক্রান্ত পাওয়া গেছে। এছাড়া মোট ১ হাজার ১শ’ ৪ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ৪১ হাজার ২শ’ ৩২ জন রোগী সুস্থ হয়েছেন। 

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় এই বিভাগের একদিনে কুড়িগ্রামে ৫৫ জন, দিনাজপুরে ৪৮ জন, রংপুরে ৩৯ জন, ঠাকুরগাঁওয়ে ৩১ জন, পঞ্চগড়ে ২৫ জন, নীলফামারীতে ২৩ জন, গাইবান্ধায় ১৩ জন এবং লালমনিরহাট জেলায় ৮ জন করে করোনায় আক্রান্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের ৫ স্থল বন্দর দিয়ে কোন যাত্রী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেনি। এ পর্যন্ত ভারত থেকে মোট ৪৯ হাজার ৪৯ জন যাত্রী ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে।

রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার মোহাম্মদ মোতাহারুল ইসলাম জানান, গতকাল পর্যন্ত দিনাজপুর জেলায় ১৩ হাজার ৭শ’ ১৯ জন আক্রান্ত ও ৩০৭ জনের মৃত্যু হয়েছে। রংপুর জেলায় ১১ হাজার ৪শ’ ৮৪ জন আক্রান্ত ও ২৬০ জনের মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁও জেলায় ৬ হাজার ৭শ’ ৬৯ জন আক্রান্ত ও ২১৮ জনের মৃত্যু, গাইবান্ধা জেলায় ৪ হাজার ৩শ’ ৬৯ জন আক্রান্ত ও ৫৭ জনের মৃত্যু, নীলফামারী জেলায় ৪ হাজার ৯৯ জন আক্রান্ত ও ৭৮ জনের মৃত্যু, কুড়িগ্রাম জেলায় ৪ হাজার ২শ’ ৮৫ জন আক্রান্ত ও ৬০ জনের মৃত্যু, লালমনিরহাট জেলায় ২ হাজার ৫শ’ ২ জন আক্রান্ত ও ৫৮ জনের মৃত্যু, পঞ্চগড় জেলায় ৩ হাজার ২শ’ ২৩ জন  আক্রান্ত এবং ৬৬ জনের মৃত্যু হয়েছে।   

ইত্তেফাক/এমএএম