বগুড়ায় কমিউনিটি পুলিশিং সমাবেশ

মাদক সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূল করার অঙ্গীকার

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২১:৫৯

স্টাফ রিপোর্টার,বগুড়া

মাদক,সন্ত্রাস,জঙ্গিবাদ ও নাশকতাবিরোধী সমাজ গঠন করতে গতকাল শনিবার বগুড়ায় কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়। শহীদ খোকন পার্কে কমিউনিটি পুলিশিং ফোরাম বগুড়া সদর উপজেলা ও পৌরসভার ওয়ার্ড কমিটিগুলো এই সমাবেশ আয়োজন করে। বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বলেন, আজকের এই সমাবেশে হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করে আগামীতে বগুড়া থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতা বিরোধী কর্মকাণ্ড নির্মূল হবে। আপনারা অপরাধ ঘটার আগেই সব তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে পারবেন। কমিউনিটি পুলিশিং এখন সামাজিক আন্দোলনে রূপ নিয়েছে। তাই সকলের সহযোগিতায় বগুড়া থেকে এই চারটি অপরাধ নির্মূল করতে পারব।

সমাবেশে আরো বক্তব্য রাখেন, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্য সচিব শাহাদত্ আলম ঝুনু, বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী, সদর উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি এসএম সাকলাইয়েন বিটুল,ট্রাক মালিক সমিতির সভাপতি আব্দুল মান্নান আকন্দ প্রমুখ।

কমিউনিটি পুলিশিং সমাবেশকে কেন্দ্র করে বিকাল থেকে সদর উপজেলার বিভিন্ন  ইউনিয়ন ও পৌর এলাকার সকল ওয়ার্ড থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে সমাবেশে আসে। এতে এক উত্সবমূখর পরিবেশে সৃষ্টি হয়। সমাবেশে কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যরা ছাড়াও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পৌর কাউন্সিলররা অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।