ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেছেন, দেশে কিছু নব্য রাজাকারের উদয় হয়েছে, এই সব রাজাকারদের প্রতিহত করবে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক আওয়ামী যুবলীগ। দীর্ঘ ১২ বছরের শোষণ নির্যাতন ও দুঃশাসন থেকে জননেত্রী শেখ হাসিনা ফরিদপুরের মানুষকে মুক্ত করেছেন। আগামীতে এখানে শোষণ, নির্যাতন করার মত কাউকে সুযোগ দিবে না এই এলাকার জনগণ।
আজ রবিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় ফরিদপুর শহরের জসিমউদ্দীন হলে জেলা যুবলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন এমপি নিক্সন চৌধুরী।
সভায় জেলা যুবলীগের আহবায়ক জিয়াউল হাসান মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য সৈয়দ মঞ্জুর হোসেন বুলবুল, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৈৗধুরীর কনিষ্ঠ পুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহাদাব আকবর চৌধুরী লাবু।
নিক্সন চৌধুরী তার বক্তব্যে বলেন, অনেক নেতা মনে করেন, যুবলীগ হবে তার বাসার বাজার করে দেওয়ার জন্য। তাদের সতর্ক করে দিতে চাই, যুবলীগ কোনো নেতার বাসার বাজার টানবে না। যুবলীগ বঙ্গবন্ধুর আদর্শে সোনার বাংলাদেশ গড়তে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করবে। যুবলীগ আওয়ামী লীগের সহযোগী সংগঠন, তারা আওয়ামী লীগকে সহযোগিতা করবে।
নিক্সন চৌধুরী মনে করেন, শুধু আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ না, সাধারণ মানুষের উপর দীর্ঘ ১২ বছর যে নির্যাতন ফরিদপুরে করা হয়েছে তা পাকিস্তানি আর্মিরাও করে নাই। জননেত্রী শেখ হাসিনার নির্দেশ বিশেষ এক অভিযানের মধ্য দিয়ে ফরিদপুরের সাধারণ মানুষকে মুক্ত করা হয়েছে। মুক্ত হওয়ার পরে কি দেখলাম, ওই রাজাকার থেকে মুক্ত করার পরে নতুন করে কিছু রাজাকারের উদয় হইছে, বেইমানের জন্ম হইছে, খন্দকার মোশতাকদের জন্ম হয়েছে। যুবলীগের নেতৃত্বে এসব রাজাকার, বেইমান ও খন্দকার মোশতাকদের আমরা প্রতিহত করবো।
সভার শুরুতেই ১৫ আগস্ট ঘাতকের বুলেটে নির্মম ভাবে নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়।
ইত্তেফাক/এসআই

