স্বাধীনতার ৫০ বছর ও নারী ‘নারীসমাজ অনেক এগিয়েছে এটিই বাস্তবতা’

আপডেট : ১৫ আগস্ট ২০২১, ২০:২১

 

স্বাধীনতার ৫০ বছরে নারীসমাজ অনেক এগিয়েছে এটিই বাস্তবতা। সময়ের পথ পরিক্রমায় এ দেশের লক্ষ কোটি নারী ও কন্যা অদম্য গতিতে এগিয়ে চলেছে। নানা সম্ভাবনা থাকা সত্ত্বেও আজকের পরিবর্তিত বৈশ্বিক ও জাতীয় বাস্তবতায় নারীর উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, নারীর মানবাধিকার নানাভাবে বিপন্ন হচ্ছে। শুধু পরিসংখ্যানগত নয়, গুণগত পরিবর্তন আনতে না পারলে মৌলিক ক্ষেত্রে নারী-পুরুষের  বৈষম্য কমবে না এবং নারীর মানুষ হিসেবে মর্যাদা নিশ্চিত হবে না। এমন মত দেন বিজ্ঞজনেরা।

৩১ জুলাই বাংলাদেশ মহিলা পরিষদ, মানুষের জন্য ফাউন্ডেশন এবং সিএসও অ্যালায়েন্সের  আয়োজিত স্বাধীনতার ৫০ বছর ও নারীবিষয়ক পরামর্শ সভায় এমন কথা বলেন বক্তরা। নারী উন্নয়ন তথা সামগ্রিক জাতীয় উন্নয়ন ব্যাহত হবে, তাই অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়ন ও বিকাশও হতে হবে। এই বাস্তবতা ও দৃশ্যপটকে সামনে রেখে সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের দিনাজপুর জেলা শাখার সভাপতি কানিজ রহমান। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য অ্যারোমা দত্ত। মূল বক্তব্য উপস্থাপন করেন মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখা সাধারণ সম্পাদক ড. মারুফা বেগম, সভায় বিশেষ অতিথি ছিলেন ডা. ফওজিয়া মোসলেম,  অ্যাডভোকেট সুলতানা কামাল ও ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সম্মানিত বক্তা হিসেবে যুক্ত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা এবং পঞ্চগড়ের পৌর মেয়র জাকিয়া খাতুন। সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে আলোচনায় অংশগ্রহণ করেন দলিত নারীদের পক্ষে—বনানী বিশ্বাস, চা-শ্রমিক অনিতা পার্সী, নারী উদ্যোক্তা কাউসার জাহান, তৃতীয় লিঙ্গের প্রতিনিধি চৈতি জাহান, প্রতিবন্ধী নারী নাসিমা আক্তার, সাংবাদিক রাবেয়া বেবী, পর্বতারোহী নিশাত মজুমদার, সাইক্লিস্ট ও সমাজকর্মী সাবিনা ইয়াসমিন মাধবী।