ইত্তেফাক রিপোর্ট
যুবলীগ যথাযোগ্য মর্যাদায়, শ্রদ্ধা-ভালোবাসায় স্মরণ করল ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহিদদের। মানবসভ্যতার ইতিহাসে কলঙ্কময় ও বেদনাবিধুর এই দিনে যুবলীগ বেশকিছু কর্মসূচি পালন করেছে। যার মধ্যে ছিল সূর্যোদয়ক্ষণে যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত রাখা, যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ মো. মাইনুল হোসেন খান নিখিলের নেতৃত্বে সকাল সাড়ে ৭টায় ধানমন্ডি ৩২-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, সোয়া ৮টায় বনানী কবরস্থানে সব শহিদের স্মরণে শ্রদ্ধাজ্ঞলি নিবেদন ও ফাতেহা পাঠ এবং বেলা ১১টায় টুঙ্গীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করে যুবলীগের প্রতিনিধি টিম। এছাড়াও সব শহিদের স্মরণে সকাল ১০টায় ২৩, বঙ্গবন্ধু এভিনিউতে ও সকাল ১১টায় কেন্দ্রীয় শহিদ মিনারে করোনায় ক্ষতিগ্রস্ত ১ হাজার দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেন, ১৫ আগস্টের মাস্টারমাইন্ড তথা বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের হত্যার সঙ্গে জড়িত দেশি-বিদেশি চক্রান্তকারীদের খুঁজে বের করতে তদন্ত কমিশন গঠন করতে হবে। বিভিন্ন কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ, ডা. খালেদ শওকত আলী, মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি, হাবিবুর রহমান পবন, রফিকুল ইসলাম, মো. এনামুল হক খান, ড. সাজ্জাদ হায়দার লিটন, মো. মোয়াজ্জেম হোসেন, সুভাষ চন্দ্র হাওলাদার, তাজ উদ্দিন আহমেদ, জসিম মাতুব্বর প্রমুখ।
