শতবর্ষে পা দিল সেভ দ্য চিলড্রেন
ইত্তেফাক রিপোর্ট
আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন ১০০ বছরে পা দিল। এ উপলক্ষে শতবর্ষ উদযাপন অনুষ্ঠান পালন করছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ। গতকাল বৃহস্পতিবার সংস্থাটির গুলশানে অবস্থিত কান্ট্রি অফিসে বছরব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন কান্ট্রি ডিরেক্টর মার্ক পিয়ের্স। শিশুদের উপস্থিতিতে ১০০টি বেলুন উড়িয়ে এবং ‘আমরা করব জয়’ গান গেয়ে ঢাকা কান্ট্রি অফিসের কর্মীরা ১০০ বছর উদযাপন শুরু করেন। সারা বছরই নানা অনুষ্ঠানের মাধ্যমে এই উদযাপন চলবে বলে জানানো হয়।
উদ্বোধনকালে মার্ক পিয়ের্স বলেন, ‘শিশুদের জন্য এই পৃথিবী এখনো সহজ নয়। আমরা চাই আমাদের মানসম্পন্ন কাজ, নিবেদিত প্রাণকর্মী এবং বাংলাদেশের মানুষের সহায়তায় শিশুদের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ব। আমাদের পুনঃপ্রতিজ্ঞা থাকবে শিশুদের কল্যাণে নিরন্তর কাজ করে যাবার।’
প্রথম বিশ্বযুদ্ধের ভয়াবহ প্রবাহ থেকে শিশু কল্যাণের প্রত্যয় নিয়ে ব্রিটিশ নাগরিক এগল্যান্টিন জেবের হাত ধরে ১৯১৯ সালে লন্ডনে গড়ে ওঠে সেভ দ্য চিলড্রেন। বর্তমানে বিশ্বের ১২০টি দেশে কাজ করছে সংস্থাটি। যার মধ্যে তাদের সবচেয়ে বড় টিমটি নিয়োজিত আছে বাংলাদেশে। এদেশে সেভ দ্য চিলড্রেন কাজ করছে গত ৪৯ বছর যাবত এবং বর্তমানে সারা দেশে প্রতিটি জেলায় বিভিন্ন প্রকল্প রয়েছে তাদের।
বিশ্বজুড়ে ১৫ কোটি ৫০ লাখের বেশি শিশু এ পর্যন্ত সেভ দ্য চিলড্রেনের সেবার আওতায় এসেছে। এবছর এপ্রিল মাসে ১০০ বছর পূর্ণ করতে যাচ্ছে সংস্থাটি।
