নম্বরে কল করে বন্ধ হলো বাল্যবিয়ে সরকারের টোল ফ্রি ১০৯

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২২:০১

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সরকারের টোল ফ্রি ১০৯ নম্বরে ফোন করে তথ্য দেয়ায় শুক্রবার রাতে সৈয়দপুর  পৌরসভা এলাকার পশ্চিম পাটোয়ারীপাড়ায় একটি বাল্যবিয়ে বন্ধ হয়েছে। সেইসঙ্গে বরপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওই জরিমানা আদায় করা হয়। সেইসঙ্গে বিয়ের বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার মুচলেকা দেয় মেয়ের পরিবার। ওই এলাকার নাবালিকা মেয়ের বিয়ে ঠিক করে পরিবার। বর পাশের দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের কুঠিপাড়া গ্রামের ফেরাজুল হকের ছেলে আলামিন ইসলাম (২৪)। শুক্রবার রাতে ছিল ওই বিয়ের দিন। এ উপলক্ষে পুরো বাড়ি সাজানো হয়েছে। এ সময় নাবালিকা মেয়ের বিয়ে হচ্ছে দেখে একজন তার পরিচয় গোপন রেখে খবরটি জানান সরকারের টোল ফ্রি ১০৯ নম্বরে। কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে পুলিশসহ হাজির হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক পরিমল কুমার সরকার। এ সময় ওই জরিমানা আদায় ও মেয়ের পরিবারের কাছ থেকে মুচলেকা নেয়া হয়। সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।