ছাতক প্রেসক্লাবের সভাপতি কলকাতায় নিখোঁজ

আপডেট : ১৭ নভেম্বর ২০১৮, ২২:০২

ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা

কলকাতায় ভ্রমণ করতে গিয়ে ছাতক প্রেসক্লাবের সভাপতি দৈনিক সিলেটের ডাক পত্রিকার ছাতক প্রতিনিধি সৈয়দ হারুন-অর রশীদ নিখোঁজ রয়েছেন। গত ১৪ নভেম্বর দুপুরে কলকাতার যাদবপুর ফেয়ারলি প্লেস এলাকা থেকে তিনি নিখোঁজ হন। তার নিখোঁজের বিষয়টি কলকাতার একটি পত্রিকায় বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করে। তার পরিবার সূত্রে জানা গেছে, গত ১১ নভেম্বর ভ্রমণের উদ্দেশ্যে সৈয়দ হারুন অর রশীদ বড় ছেলে সৈয়দ রুমান রশীদ জামিকে নিয়ে বাংলাদেশের জাফলং হয়ে ডাউকি সীমান্ত দিয়ে কলকাতা যান। সেখানে চিকিত্সা নিতে যাওয়া তার ভায়রা ভাই ও শ্যালিকার ভাড়া বাসায় ওঠেন বাবা-ছেলে। বুধবার দেশে ফেরার উদ্দেশ্যে ছেলেকে নিয়ে বাসা থেকে বের হয়ে রেল স্টেশনে যান। স্টেশনে গিয়ে টিকেটের জন্য জামিকে লাইনে দাঁড় করিয়ে যাদবপুর ফেয়ারলি প্লেস এলাকায় মানি এক্সচেঞ্জ থেকে ডলার ভাঙাতে যান। এখান থেকেই তিনি নিখোঁজ হন বলে পত্রিকার সংবাদ মাধ্যমে জানা গেছে। এদিকে বাবার অপেক্ষার পর তাকে খুঁজতে বের হয় জামি। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে থানায় গিয়ে পুলিশের সহায়তা চায়। গত পাঁচদিন ধরে পুলিশের সহায়তায় সম্ভাব্য বিভিন্ন এলাকা ও আশেপাশের বেশ কয়েকটি হাসপাতালে খোঁজ করেও পায়নি স্থানীয় থানা পুলিশ।