পুরো আফগানিস্তানে 'সাধারণ ক্ষমা' ঘোষণা করেছে তালেবানরা। পাশাপাশি নারীদের তাদের নিয়ন্ত্রিত সরকারে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে তারা। তারা চায় তাদের সরকারে নারীরাও অংশগ্রহণ করুক।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার বরাতে জানা যায়, তালেবানের শীর্ষ কোনো নেতার পক্ষ থেকে সরকার গঠনের ইঙ্গিত দিয়ে প্রথমবারের মতো এমন মন্তব্য করা হলো, যেখানে নারীদের অংশগ্রহণের কথাও বলা হয়েছে।

তালেবানের সাংস্কৃতিক কমিশনের সদস্য এনামুল্লাহ সামানগানি বলেন, তালেবান সরকারে অংশগ্রহণের জন্য তারা নারীদের আহ্বান জানাচ্ছি। ইসলামিক আমিরাত চায় না যে, নারীরা ক্ষতিগ্রস্ত হোক। শরিয়া আইন অনুযায়ী, সরকারি কাঠামোতে তাদের অংশগ্রহণ থাকা উচিত।
এদিকে আফগানিস্তানের প্রধান সংবাদ মাধ্যমে আবারও ফিরেছেন নারী উপস্থাপক। আফগানিস্তানের অন্যতম প্রধান একটি সংবাদ মাধ্যম টোলো নিউজের খবরে আবার নারী সংবাদ পাঠকদের উপস্থিতি দেখা গেছে।
তালেবান আফগানিস্তান দখল পর থেকেই লোকজনের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। রবিবার (১৫ আগস্ট) তালেবান কাবুলের নিয়ন্ত্রণ নেয়ার পর থেকেই আফগানিস্তানের কোনো চ্যানেলে আর নারী উপস্থাপিকাদের দেখা যায়নি।
সামনের দিনগুলোতে কী ঘটতে যাচ্ছে তা নিয়েই যেন জল্পনা শেষ হচ্ছে না। এর মধ্যেই লোকজন দলে দলে আফগানিস্তান থেকে পালানোর চেষ্টা করছে। তবে তালেবানের পক্ষ থেকে বার বার লোকজনকে আশ্বস্ত করা হচ্ছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং তারা দেশের জনগণের সেবায় কাজ করবে।
ইত্তেফাক/এএইচপি
