>> ফারহান ইশরাক
এপ্রিল থেকে বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে রোগীদের জন্য পর্যাপ্ত অক্সিজেন পাওয়া দুঃসাধ্য হয়ে ওঠে। রোগীদের এই দুর্দশা লাঘবের জন্য গত ৪ জুলাই খুলনা বিশ্ববিদ্যালয় রোটার্যাক্ট ক্লাব এবং খুলনা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে শুরু হয় বিনামূল্যে অক্সিজেন সরবরাহ। প্রথমে তাদের পরিকল্পনা ছিল খুলনা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে অক্সিজেন সেবা প্রদান করার। তবে অক্সিজেনের মজুদ বাড়ার সঙ্গে সঙ্গে খুলনা শহরের সাধারণ মানুষের জন্যও এই অক্সিজেন সেবা শুরু করেন সমপূর্ণ বিনামূল্যে। এখন পর্যন্ত শ্বাসকষ্টজনিত রোগীদের ৪০টি সিলিন্ডার দেওয়া হয়েছে অক্সিজেন ব্যাংকের পক্ষ থেকে। ২৪/৭ কার্যক্রমের অংশ হিসেবে রাত ২টায় যেমন তারা অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন, আবার ভোর ৫টায়—এমনকি কোরবানির ঈদের দিনও তাদের অক্সিজেন সেবা চালু ছিল। অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ, রোগীর স্বজনদের সঙ্গে যোগাযোগ ও অক্সিজেন পৌঁছে দেওয়াসহ নানা ধরনের কাজ করছেন খুবি রোটার্যাক্ট ক্লাবের স্বেচ্ছাসেবকেরা। শিক্ষার্থীদের দারুণ এই উদ্যোগে অর্থ ও অক্সিজেন সিলিন্ডার দিয়ে সাহায্য করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং সাধারণ মানুষজন। খুব অল্প সময়েই কোভিডে আক্রান্ত পরিবারগুলোর কাছে আস্থা অর্জন করেছে খুবি রোটার্যাক্ট ক্লাবের এই অক্সিজেন সেবা। খুলনা শহরের হাসপাতালগুলোতে এবং আক্রান্তদের বাসায় প্রায় প্রতিদিনই তারা অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছেন। রোটার্যাক্ট ক্লাবের সদস্যরা জানান, করোনার প্রাদুর্ভাব শেষ না হওয়া পর্যন্ত তাদের এই সেবা অব্যাহত থাকবে।
