না’গঞ্জের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন
হাবিবুর রহমান বাদল, নারায়ণগঞ্জ
প্রথমবারের মতো দলীয় প্রতীকে অনুষ্ঠিতব্য আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয়ভাবে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রাথমিক মনোনয়ন লাভের পর এবার চূড়ান্ত মনোনয়ন পেতে কেন্দ্রে দৌড়ঝাঁপ শুরু করেছেন দশ চেয়ারম্যান প্রার্থী। তবে একক প্রার্থী হিসেবে কেন্দ্রে নাম পাঠানোয় দলীয় মনোনয়ন প্রাপ্তির ব্যাপারে অনেকটা নিশ্চিন্তে রয়েছেন আড়াইহাজার উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আলহাজ শাহজালাল মিয়া।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল হাই জানিয়েছিলেন, ‘আগামী মার্চে দলীয় প্রতীকে অনুষ্ঠিতব্য উপজেলা পরিষদ নির্বাচনে জেলার চারটি উপজেলার আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ তৃণমূলের মতামতের ভিত্তিতে আড়াইহাজারে একজন, বন্দরে তিনজন, রূপগঞ্জে তিনজন এবং সোনারগাঁয়ে চারজনকে নৌকার প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে মনোনীত করে প্রার্থীদের যাবতীয় কাগজপত্রসহ নামের তালিকা চূড়ান্ত মনোনয়নের জন্য আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের কাছে পৌঁছে দেয়া হয়েছে।’ তিনি আরও জানান, ‘মামলা জটিলতার কারণে সদর উপজেলা পরিষদের ভোট নিয়ে নির্বাচন কমিশন এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ না নেয়ায় শুধুমাত্র এই একটি উপজেলার সম্ভাব্য নৌকা প্রত্যাশীদের তালিকা প্রস্তুত স্থগিত রাখা হয়েছে। যদি পরবর্তীতে এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা দেখা দেয় তখন দলীয় নির্দেশনা মোতাবেক একক বা সর্বোচ্চ তিনজন চেয়ারম্যান প্রার্থী মনোনীত করে তাদের নাম কেন্দ্রে পাঠানো হবে।’ তৃণমূল আওয়ামী লীগের মনোনীত এই চেয়ারম্যান প্রার্থীরা হলেন-
রূপগঞ্জ উপজেলা: রূপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন মোল্লা, আওয়ামী লীগ নেতা তাবিবুল কাদির তমাল।
সোনারগাঁ উপজেলা: সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শামছুল ইসলাম ভূঁইয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মাহফুজুর রহমান কালাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন এবং জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এফবিসিসিআই পরিচালক জাহাঙ্গীর হোসেন।
বন্দর উপজেলা: বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এম এ রশীদ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম আবু সুফিয়ান ও মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম।
আড়াইহাজার উপজেলা: একমাত্র আড়াইহাজার উপজেলাতেই তৃণমূল আওয়ামী লীগের সর্বসম্মতিক্রমে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ শাহজালাল মিয়াকে দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। গত ২ ফেব্রুয়ারি আড়াইহাজার উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় একক প্রার্থী হিসেবে শাহজালাল মিয়াকেই পুনরায় সমর্থন জানায় তৃণমূল আওয়ামী লীগ।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে কেন্দ্রে তালিকা প্রেরণের পর এখন চূড়ান্ত মনোনয়ন লাভের জন্য কেন্দ্রীয় নেতাদের কাছে লবিং-তদবির শুরু করে দিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা। যার মধ্যে আলোচনায় রয়েছেন, শেষ ধাপে অনুষ্ঠিতব্য বন্দর উপজেলা পরিষদের দুই চেয়ারম্যান প্রার্থী। এদের একজন হলেন, থানা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা এম এ রশীদ, যিনি ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের প্রভাবশালী এমপি শামীম ওসমানের আস্থাভাজন হিসেবে পরিচিত। অপরজন হচ্ছেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম আবু সুফিয়ান। তিনি আবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা: সেলিনা হায়াত আইভীর আস্থাভাজন। এছাড়াও সোনারগাঁ উপজেলায় সদ্য অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিত উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ মাহফুজুর রহমান কালামকে এবার উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার মনোনয়ন দিতে বেশ কয়েকজন প্রভাবশালী নেতা কেন্দ্রে লবিং করছেন বলে জানা গেছে।
