মালদ্বীপে এএফসি কাপ শুরু আজ
স্পোর্টস রিপোর্টার
অনেক প্রতিকূলতা পেরিয়ে অবশেষে এএফসি কাপ ফুটবলে অভিযান শুরু করছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। মালদ্বীপের মালে শহরে জাতীয় স্টেডিয়ামে গ্রুপ পর্বের খেলায় আজ বাংলাদেশের এই ক্লাবটি স্থানীয় মালদ্বীপের মাজিয়া স্পোর্টসের বিপক্ষে লড়াই করবে। বাংলাদেশের সময় খেলা শুরু হবে রাত ১০টায়।
ডি গ্রুপে তিনটি ম্যাচ খেলবে বসুন্ধরা কিংস। গ্রুপ চ্যাম্পিয়ন পরবর্তী রাউন্ডে খেলবে। বসুন্ধরা আগেই জানিয়েছে, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য মালদ্বীপে গেছে।
গ্রুপের অন্যতম শক্তিশালী দল হচ্ছে ভারতের মোহনবাগান। তারা ফিনল্যান্ড হতে ফুটবলার এনেছে, স্প্যানিশ কোচ এনেছে। সব বাধা পেরিয়ে গেলেও মোহানবাগান বাধা টপকে যাওয়া কঠিন হবে। তার আগে আজ মাজিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ। প্রথম ম্যাচ সহজ হয় না। কারণ অচেনা অজানা সবকিছু। তার ওপর কোভিডের কারণে সব জায়গায় চলাচলও করা যায় না। ফুটবল দলগুলোকে কঠিন নিয়ম মেনে চলতে হচ্ছে মালে শহরে। এই শহরেই গত বছর ডি গ্রুপের খেলা হওয়ার কথা ছিল। কিন্তু কোভিডের কারণে সেটি স্থগিত হয়। পরে যখন এবছর আবার খেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হয় সেবার ভারতীয় দল কোভিডের শর্তাবলী না মানার কারণে খেলাই স্থগিত হয়ে যায়।
মালদ্বীপে এখন খুবই গরম। এই গরমে বাংলাদেশের ফুটবলারদের জন্য স্বাভাবিক খেলাটা কঠিন। সন্ধ্যার পর গরম কমলেও সেটিও খুব একটা আরামদায়ক না। মালদ্বীপের মাজিয়া স্পোর্টস ক্লাব তাদের নিজেদের স্টেডিয়ামে খেলবে। বাড়তি সুবিধা পাবে। তবে বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ তার খেলোয়াড়দের চাঙ্গা রাখতে টনিক দিয়ে যাচ্ছেন। এই কোচ অস্কার ব্রুজন আগেও মালদ্বীপে কাজ করেছেন। অন্য পরিবেশ হতে যেখানে খেলতে যাওয়া একজন খেলোয়াড়কে কীভাবে চাঙ্গা করতে হয় সেটা জানা আছে কোচ অস্কার ব্রুজনের।
গতকাল অনুশীলন করেছে ফুটবল দল। কোচ অস্কার ব্রুজন মাঠে নামার আগেই হুমকি দিয়েছেন তারা উপমহাদেশের সেরা দল প্রমাণ করতে মালদ্বীপে এসেছেন। তার খেলোয়াড়দের সেভাবে প্রস্তুত করেছেন। বসুন্ধরা কিংস চলতি প্রিমিয়ার লিগের চার ম্যাচ বাকি থাকতে লিগ চ্যাম্পিয়ন হয়েছে। এখন তাদের টার্গেট এএফসি কাপে গ্রুপ সেরা হওয়া। এএফসি কাপে খেলবে বলে বসুন্ধরা কিংস সবচেয়ে শক্তিশালী দল গঠন করেছে। দেশের ফুটবলে সবচেয়ে বড় বাজেটের দল। অর্থভাণ্ডার খুলে দিয়ে দেশি-বিদেশি খেলোয়াড় দলে নিয়েছে। এই ক্লাবের সভাপতি ইমরুল হাসান উচ্চাভিলাষী। তার লক্ষ্যই ছিল বসুন্ধরাকে কীভাবে উপমহাদেশে তুলে আনা যায়। সেটিতে সফল হয়েছেন। এএফসি কাপে কোয়ালিফাই করে এখন উপমহাদেশের অন্যান্য দল জেনে গেছে ফুটবলের শক্তিশালী দল বসুন্ধরা কিংস। এএফসি কাপের বড় আসরে নিজেদের মেলে ধরে মুকুট তুলে আনতে টার্গেট করেছে।
গ্রুপ ডি
এটিকে মোহনবাগান এফসি (ভারত), বসুন্ধরা কিংস (বাংলাদেশ), মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন (মালদ্বীপ), জেএসডব্লিউ ব্যাঙ্গালুরু এফসি (ভারত)।
ফিকশ্চার :
১৮ আগস্ট মোহনবাগান ও ব্যাঙ্গালুরু এফসি। বসুন্ধরা কিংস ও মাজিয়া স্পোর্টস
২১ আগষ্ট ব্যাঙ্গালুরু এফসি ও বসুন্ধরা কিংস। মাজিয়া স্পোর্টস ও মোহনবাগান
২৪ আগস্ট মোহনবাগান ও বসুন্ধরা কিংস। মাজিয়া স্পোর্টস ও ব্যাঙ্গালুরু এফসি
* বাংলাদেশের সময় প্রথম ম্যাচ বিকাল ৫টা এবং দ্বিতীয় ম্যাচ রাত ১০টায় শুরু।
টি স্পোর্টস খেলা দেখাবে।
