গাজীপুর প্রতিনিধি
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মোস্তফা কামাল পাশা বলেছেন, কারা কর্মকর্তাদের পদোন্নতির জট দুর করে পদোন্নতি তরান্বিত করা হচ্ছে। কারা কর্মকর্তা-কর্মচারিদের বেতন ও মর্যাদা বৃদ্ধির কাজও চলমান রয়েছে। ইতোমধ্যে ৩৬তম বিসিএস নন ক্যাডার থেকে ডেপুটি জেলার নিয়োগ দেয়া হয়েছে। তাদের বুনিয়াদি প্রশিক্ষণ চলমান রয়েছে। রাজশাহীতে কারাপ্রশিক্ষণ কেন্দ্রের নির্মাণ কাজ অল্প কিছুদিনের মধ্যেই সমাপ্ত হবে এবং কেরাণীগঞ্জে ’বঙ্গবন্ধু শেখ মুজিব কারা প্রশিক্ষণ একাডেমি’ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে তিনি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার চত্বরে নবীন রিক্রুট কারারক্ষী ও মহিলা কারারক্ষীদের ৫৪তম শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্ণেল মো. ইকবাল হাসান, কারা উপ-মহাপরিদর্শক মো. বজলুর রশীদ, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সুপার সুব্রত কুমার বালা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, কারা অভ্যন্তর হতে জঙ্গী ও শীর্ষ সন্ত্রাসীরা যাতে কোনরূপ সমাজ ও রাষ্ট্রবিরোধী তত্পরতা চালাতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। শৃঙ্খলা ও মানবিকতাকে প্রাধান্য দিয়ে অনিয়ম ও দূর্নীতিকে প্রতিরোধ করতে হবে। কারা মহাপরিদর্শক বলেন, কারাভ্যন্তরে বন্দিরা কাজ করে তারা যে অর্থ উপার্জন করছে তার ৫০শতাংশ অর্থ তাদের (বন্দিদের) প্রদানের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ইতোমধ্যে ৫টি কারাগারে এর বাস্তবায়ন করেছি।
