তথ্যপ্রযুক্তির যুগে ধীরে ধীরে আধুনিক থেকে আধুনিকতর হচ্ছে সবকিছু। আয়-উপার্জন, ব্যবসা-বাণিজ্য সবক্ষেত্রেই অনুসরণ করা হচ্ছে ডিজিটাল নীতি। তাই অনলাইনে ব্যবসার প্রসার কিংবা আউটসোর্সিং-ফিন্যান্সিংয়ের ক্ষেত্রে ডিজিটাল পেমেন্ট মেথড পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। ফলে অনলাইননির্ভর যে কারো ক্ষেত্রেই ডুয়েল কারেন্সি কার্ড অতীব প্রয়োজন। কিন্তু বাংলাদেশের সেরা ব্যাংকগুলোতে পাসপোর্ট এবং ডিপোজিট টার্গেট পূরণ করা ছাড়া ডুয়েল কারেন্সি কার্ড দেওয়া হয় না। এতে অনলাইননির্ভর তরুণ-তরুণীদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে যারা ক্ষুদ্র উদ্যোক্তা তাদের বেশ সমস্যায় পড়তে হচ্ছে। ক্ষুদ্র পরিসরের ব্যবসা-বাণিজ্যকে বড় আকারে রূপ দিতে অনলাইনে বুস্ট-প্রমোশনের প্রয়োজন অপরিহার্য। এছাড়াও খুদে ফিন্যান্সারদের পেমেন্ট রিসিভ করার ক্ষেত্রে ডুয়েল কারেন্সি কার্ড একান্ত জরুরি হয়ে পড়ে। তাই বিশেষ বিবেচনায় কম চার্জে ডুয়েল কারেন্সি কার্ড সহজলভ্য করা গেলে হয়তো বাংলাদেশি ফিন্যান্সার ও ছোটখাটো অনলাইন ব্যবসায়ীদের কর্মসংস্থানের পথ অনেক প্রসারিত হবে।
আবু মো. ফজলে রোহান
নবগ্রাম, চৌদ্দগ্রাম, কুমিল্লা
