চুয়াডাঙ্গায় সাংবাদিককে কুপিয়ে জখম, ছাত্রলীগ নেতা আটক

আপডেট : ১৭ আগস্ট ২০২১, ২১:৩২

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় সোহেল রানা ডালিম নামে এক সাংবাদিককে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। পরে তিনি চিকিত্সা নেওয়ার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছালে সেখানেও তাকে উপর্যুপরি কুপিয়ে জখম করে ছাত্রলীগের নেতাকর্মীরা। গত সোমবার রাতে শহরের ইমার্জেন্সি রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা ছাত্রলীগ নেতা রাজু আহমেদকে আটক করেছে পুলিশ।

আহত সোহেল রানা ডালিম শহরের সিঅ্যান্ডবি পাড়ার আব্দুল করিমের ছেলে। তিনি স্থানীয় দৈনিক সময়ের সমীকরণের নিজস্ব প্রতিবেদক ও জাতীয় দৈনিক আমাদের নতুন সময়ে জেলা প্রতিনিধি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাতে শহরের ইমার্জেন্সি রোড দিয়ে মোটরসাইকেল নিয়ে পত্রিকা অফিসে যাচ্ছিলেন ডালিম। এ সময় তার সামনে থাকা একটি মোটরসাইকেল আচমকা থমকে দাঁড়ালে দুটি মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে সামনের গাড়িতে থাকা ছাত্রলীগ কর্মীরা ক্ষিপ্ত হয়ে ডালিমের মোটরসাইকেলের চাবি কেড়ে নেয়। এ সময় কথা-কাটাকাটির এক পর্যায়ে ক্ষুর দিয়ে তার পিঠে পোচ দেয় ছাত্রলীগ কর্মীরা। গুরুতর আহত ডালিমকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। এ সময় হাসপাতালের জরুরি বিভাগে আবারও তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। তখন হাসপাতাল চত্বরে ডালিমকে তাড়া করতেও দেখা যায়। পরে পুলিশ হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে এ ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক স্কুল ও ছাত্রবিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রলীগের প্রস্তাবিত কমিটির অন্যতম সদস্য রাজু আহমেদকে আটক করেছে পুলিশ। সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সক ডা. সাকিল আরসালান জানান, ধারালো অস্ত্রের আঘাতে ডালিমের পিঠ, বুক ও হাতে গভীর ক্ষত হয়েছে। প্রচুর রক্তক্ষরণও হয়েছে। তবে এখনই তিনি শঙ্কামুক্ত নন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান জানান, এ ঘটনায় রাজু আহমেদকে আটক করা হয়েছে। হামলায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।