গ্যাটকো দুর্নীতির মামলায় আদালতে খালেদা জিয়া

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৪২

গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ২৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার কারা অধিদফতরের মাঠে স্থাপিত ঢাকা বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু সৈয়দ দিলজার হোসেন এই দিন ধার্য করেন। এর আগে দুপুর সাড়ে ১২ টায় খালেদা জিয়াকে পুরাতন কেন্দ্রীয় কারাগার থেকে কড়া নিরাপত্তায় হুইল চেয়ারে করে আদালতে হাজির করে কারা কর্তৃপক্ষ।

শুনানিতে খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, মামলার জব্দ তালিকার কাগজপত্র এখনো হাতে পাইনি। ওই কাগজপত্র ছাড়া আমরা কিভাবে শুনানি করব। আদালত বলেন, শিগগিরই প্রয়োজনীয় কাগজপত্র পেয়ে যাবেন।

দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বলেন, মামলার এজাহার হওয়ার পর দুদকের তদন্তে উঠে আসে কিভাবে খালেদা জিয়াসহ অন্যান্য আসামি গ্যাটকো দুর্নীতি মামলায় জড়িত। মামলার এজাহারে নাম ছিল ১৩ জনের, তদন্তে উঠে আসে ২৪ জনের। এর মধ্যে ছয়জন মারাও গেছেন। তিনি বলেন, সকল আসামি পরস্পরের সহযোগিতায় এ দুনীর্তি করেছে। তাই সাক্ষ্য গ্রহণের মাধ্যমে সবাইকে শাস্তির আওতায় আনা সম্ভব হবে।