ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তালেবানকে সহযোগিতা করবে যদি তারা নারীদের মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হয় এবং সন্ত্রাসীদের দ্বারা আফগানিস্তানের ভূখণ্ড ব্যবহার রোধ করে। মঙ্গলবার (১৭ আগস্ট) এসব জানিয়েছেন এই ব্লকের পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ বোরেল।
প্রতিবেদনে বলা হয়, বোরেল বলেছেন, আমি বলিনি আমরা তালেবানকে স্বীকৃতি দিতে যাচ্ছি। আমি শুধু বলেছি তাদের সাথে আমাদের সব কিছুর জন্য কথা বলতে হবে, এমনকি নারীদের সুরক্ষার চেষ্টা করতে হবে। এর জন্য আপনাকে তাদের সাথে যোগাযোগ করতে হবে।
এদিকে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর মঙ্গলবার (১৭ আগস্ট) প্রথমবারের মতো কাবুলে সংবাদ সম্মেলন করে তালেবানরা। সংগঠনটির মুখপাত্র জাহিবুল্লাহ মুজাহিদ বলেছেন, আমরা নারীদের বাইরে কাজ করার এবং পড়াশোনার অনুমতি দেব, তবে সেটা হতে হবে আমাদের কাঠামোর মধ্যে। শরিয়া আইনের অধীনে নারীর অধিকার রক্ষায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ। নারীরা আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। আন্তর্জাতিক সম্প্রদায়েকে আমরা এই আশ্বাস দিতে চাই যে নারীদের প্রতি কোন বৈষম্য করা হবে না।
ইত্তেফাক/এসএ
