সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীসহ দুইজনের বিরুদ্ধে চার্জশিট

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৫৪

দরপত্র ছাড়াই বাংলাদেশ জুট কর্পোরেশনের আড়াই একর জমি বিক্রি করে ৪০ লাখ টাকা আর্থিক ক্ষতির অভিযোগে সাবেক বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ দুইজনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুদক। অপর আসামি হলেন, জুট কর্পোরেশনের জমির ক্রেতা বেগম জাহানারা রশিদ।

দুদকের অনুমোদন করা চার্জশিট উল্লেখ করা হয়েছে, আব্দুল লতিফ সিদ্দিকী বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্বে থাকাকালে বাংলাদেশ জুট কর্পোরেশনের বগুড়ার আদমদীঘির রানীনগর ক্রয় কেন্দ্র বিনা দরপত্রে আড়াই একর জমি বিক্রি করে দেন জাহানারা রশিদের কাছে। ওই জমির প্রকৃত মূল্য ৬৪ লাখ টাকা। সেখানে ২৪ লাখ টাকায় বিক্রি করে আব্দুল লতিফ সিদ্দিকী সরকারের ৪০ লাখ টাকা ক্ষতি সাধন করেন।