আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চেয়ারম্যান শশাঙ্ক মনোহর গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ ভবনস্থ কার্যালয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেছেন। সাক্ষাত্কালে তিনি বাংলাদেশ ক্রিকেটের অগ্রগতির প্রশংসা করে বাংলাদেশের ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যত্ সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেছেন। শশাঙ্ক মনোহর বলেন, ‘ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতোই ভালো খেলবে বাংলাদেশ।’ সাক্ষাত্ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।
প্রধানমন্ত্রী তার প্রথম সরকারের মেয়াদ থেকে খেলাধুলা বিশেষ করে ক্রিকেটের উন্নয়নে গৃহীত পদক্ষেপসমূহের কথা উল্লেখ করেন। শেখ হাসিনা বলেন, তিনি ক্রিকেট খেলা দেখতে পছন্দ করেন এবং সব সময় খেলোয়াড়দের উত্সাহিত করেন, তাদের সঙ্গে কথা বলেন।
আইসিসি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড়রা খুবই ভালো খেলছে। তবে তাদের ধারাবাহিকতা প্রয়োজন। খেলোয়াড়দের মধ্যে যদি জাতীয় গৌরবের চেতনা সঞ্চার করা যায়, তাহলে তারা দেশের জন্য আরো বেশি অঙ্গীকার নিয়ে খেলবে। আইসিসি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)’র মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে। সাক্ষাত্কালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন উপস্থিত ছিলেন।
