আওয়ামী লীগের গত সরকারের মন্ত্রিসভায় থাকা শরিক দলের কয়েকজন নেতা এবার বিভিন্ন সংসদীয় কমিটিতে জায়গা পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার সংসদ অধিবেশনে তাদের অন্তর্ভুক্ত করে পাঁচটি সংসদীয় কমিটি গঠন করা হয়েছে, যার মধ্য দিয়ে একাদশ সংসদের মোট ২৪টি কমিটি গঠন করা হল।
জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির পদ দেওয়া হয়েছে এবার। গত সরকারের তথ্যমন্ত্রী ইনু নবম সংসদে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সভাপতি ছিলেন। তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে সভাপতি হাসানুল হক ইনুর সঙ্গে সদস্য হিসেবে আছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, বিরোধী দলীয় উপ নেতা গোলাম মোহাম্মদ কাদের, সংসদ সদস্য কাজী কেরামত আলী, সিমিন হোসেন রিমি, শফিকুর রহমান, সাইমুম সরোয়ার কমল, আকবর হোসেন পাঠান ফারুক ও এবাদুল করিম।
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি হয়েছেন এবিএম ফজলে করিম চৌধুরী। দশম সংসদেও তিনি একই দায়িত্বে ছিলেন। এই কমিটির অন্য সদস্যরা হলেন- রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, আসাদুজ্জাসমান নূর, শফিকুল ইসলাম শিমুল, সফিকুল আজম খান, সাইফুজ্জামান শিখর, এইচএম ইব্রাহিম, নাসিমুল আলম চৌধুরী ও গাজী মো. শাহনেওয়াজ।
