রাঙ্গাবালী (পটুয়াখালী) সংবাদদাতা
খালাতো ভাইয়ের সঙ্গে অবুঝ মনে শোভার (১২) প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। কিন্তু শোভার অজান্তে তার ফুফাতো বোন রোজিনার (১১) সঙ্গেও তারই সেই খালাতো ভাইয়ের প্রেমের সম্পর্ক শুরু হয়। এই প্রতারণার বিষয়টি দুই বোন জানতে পারে। পরে অভিমানে দুই বোনই একসঙ্গে প্রাণ দেয়, তারা পোকামারার বিষ (গ্যাস ট্যাবলেট) খেয়ে আত্মহত্যা করে। শুক্রবার রাতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দারভাঙা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, নিহত শোভা আক্তার উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের দারভাঙা গ্রামের মহসিন চৌকিদারের মেয়ে ও নিহত রোজিনা আক্তার গলাচিপা উপজেলার পানপট্টি এলাকার বিপুল মৃধার মেয়ে। তারা সম্পর্কে চাচাতো বোন। এদের মধ্যে শোভা চরমোন্তাজ সিদ্দিকীয়া দাখিল মাদ্রাসায় ষষ্ঠ শ্রেণিতে পড়তো।
তবে নিহত শোভা ও রোজিনার পরিবার সদস্যদের দাবি, শোভা ও রোজিনার সঙ্গে শামীমের প্রেমের সম্পর্ক ছিল কিনা তাদের জানা নেই।
