এবার ‘বঙ্গমাতা’ চরিত্রে

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ২০:২৯

 

আনন্দ বিনোদন প্রতিবেদক

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’  অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’। এই চলচ্চিত্রের শুটিংয়ের আগে এর সংলাপ পরিমার্জন ও সংশোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর চিত্রনাট্য করেছেন জুয়েল মাহমুদ এবং নির্মাণ করেছেন নজরুল ইসলাম। চলচ্চিত্রটি নিবেদন করছেন শেখ হাসিনা ও শেখ রেহানা। এই চলচ্চিত্রেই বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় নায়িকা পূর্ণিমা। এরইমধ্যে চলচ্চিত্রের শুটিং সম্পন্ন হয়েছে। জানা গেছে, আগামী ২৮ সেপ্টেম্বর চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রে কাজ করে ভীষণ উচ্ছ্বসিত পূর্ণিমা। তিনি বলেন, ‘চিরঞ্জীব মুজিব চলচ্চিত্রে অভিনয় করা আমার অভিনয় জীবনের অনেক বড় এক প্রাপ্তি। আমি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা শেখ ফজিলাতুন্নেছা মুজিব মানে, বঙ্গমাতার চরিত্রে অভিনয় করতে পেরেছি—এটা আমার জন্য সত্যিই অনেক অনেক ভালোলাগার এবং গর্বেরও বটে। এই চলচ্চিত্রের শুটিংয়ে  আমি চার দিন অংশ নিয়েছি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে কয়েকজন শুটিংয়ে  গিয়েছিলেন যারা বঙ্গমাতা সম্পর্কে অবগত এবং বঙ্গমাতা সম্পর্কে জানেন, তারা আমাকে সহযোগিতা করেছেন। বঙ্গমাতার ছবি দেখে আমি ঠিক সেভাবেই মেকাপ নিয়ে নিজেকে তৈরি করেছিলাম। তার আগে স্ক্রিপ্ট তো পড়েছিই। চরিত্রটিতে অভিনয় করতে গিয়ে বঙ্গমাতার জীবনাদর্শ, বঙ্গবন্ধুর প্রতি তার শ্রদ্ধা ভালোবাসা, বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু হয়ে উঠার জন্য তার ত্যাগ এবং আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে (তিনি তখন ছোট) সংগ্রামী জীবন পার করেছেন, তা আমি নিজে ভীষণভাবে অনুভব করতে পেরেছি।  এমনভাবে অনুভব করার সুযোগ সবার জীবনে আসে না। আমাকে এমন মহান একটি চরিত্রে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য চিরঞ্জীব মুজিব’র সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেকের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। জানি না, আমি কতটুকু বঙ্গমাতার চরিত্র ফুটিয়ে তুলতে পেরেছি। তবে আমার ভীষণ রকম আন্তরিক চেষ্টা ছিল। আমি নিজেও নিজেকে বঙ্গমাতার চরিত্রটি পর্দায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ এদিকে পূর্ণিমা আপাতত শুটিংয়ে ফিরছেন না। তিনি জানান, আপাতত শুটিংয়ে ফেরা নিয়ে কোনো পরিকল্পনা নেই। করোনায় বিপর্যস্ত জীবনের কারণে আটকে আছে পূর্ণিমা অভিনীত ‘গাঙচিল’  ও ‘জ্যাম’ সিনেমার কাজ। গত দুই ঈদেও তিনি কোনো নাটকে অভিনয় করেননি। এদিকে মাছরাঙ্গা টিভিতে এরইমধ্যে শেষ হয়েছে পূর্ণিমার বিচারাধীন রিয়েলিট শো ‘সেরা রাঁধুনী’ প্রতিযোগিতা।