সিনেমার শীর্ষ সংগীতে

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ২০:৫২

আনন্দ বিনোদন প্রতিবেদক

 

ফাতিমা তুয যাহরা ঐশী, বাংলাদেশে এই প্রজন্মের শিল্পীদের মধ্যে নিজের কণ্ঠ এবং গান পরিবেশনার দিক দিয়ে নিজের একটি আলাদা অবস্থান তৈরি করে নিয়েছেন। কিছু ব্যতিক্রম ঘরানার গান করার ক্ষেত্রে ঐশীর কণ্ঠটি অনেক সুরকার, গীতিকারের ভীষণ পছন্দ। এরইমধ্যে নিজের অসাধারণ গায়কীর কারণে ঐশী পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরইমধ্যে ঐশী ‘দামাল’  সিনেমার শীর্ষ সংগীতে কণ্ঠ দিয়েছেন। শীর্ষ সংগীতটি লিখেছেন রাসেল মাহমুদ এবং সুর সংগীত করেছেন আরাফাত মোহসীন নিধি। নিধি জানান, দামালের পাঁচটি গানেরই সুর সংগীত করছেন নিধি। শীর্ষ সংগীতটিতে ঐশীর সঙ্গে গেয়েছেন সাকিব চৌধুরী। শীর্ষ সংগীতে কেন ঐশীকে নেওয়া এবং ঐশীর গায়কী প্রসঙ্গে সংগীত পরিচালক নিধি বলেন, ‘এই গানে ঐশীকে নেওয়ার কারণ হচ্ছে তার কণ্ঠে  একধরনের ক্ষমতা আছে, যা এই গানের জন্য খুব দরকার ছিল। ঐশী এককথায় দারুণ গেয়েছে। আমি খুব আশাবাদী গানটি নিয়ে।’ ঐশী বলেন, ‘দামাল সিনেমার শীর্ষ সংগীতটি গাইতে পেরে আমার কাছে ভালো লেগেছে। গানের কথা যেমন দারুণ, ঠিক তেমনি গানের সুর সংগীত আরো অসাধারণ। এই গানটি নিয়ে আমার অনেক প্রত্যাশা। আশা করছি আমাদের প্রাত্যহিক জীবনের সবকিছু দ্রুত ঠিক হয়ে যাবে এবং দামাল’র মতো অন্যান্য সিনেমাগুলোও একে একে মুক্তি পাবে। তাতে আমাদের অনেকেরই গান প্রকাশ পাবে, যা দীর্ঘদিন আটকে আছে।’ ‘দামাল’ নির্মাণ করছেন রায়হান রাফি। এদিকে এরইমধ্যে গত দু’মাসে দশেরও অধিক গান প্রকাশ হয়েছে ঐশীর। লকডাউনে যেখানে অনেকেরই গান করা থেমে আছে;  কিন্তু থেমে নেই ঐশী। এরইমধ্যে ঐশীর ‘আকাশ কিনতে চাই’, ‘খুঁজে ফিরি’, ‘আড়ালে চলো না’, ‘আমার মন জানে’, ‘তোমায় ছাড়া ভাল্লাগে না’, ‘ফাঁকি দিলি কার লাগি’, ‘ভালোবাসা এমনই রোগ’ গানগুলো প্রকাশ পেয়েছে। তবে ‘ভালোবাসা এমনই রোগ’ গানটির প্রতি ঐশীর ভালোলাগা ও ভালোবাসা একটু অন্যরকম। কারণ গানটির সুর সংগীত করেছেন বরেণ্য সুরকার বাপ্পা মজুমদার। গানটি  লিখেছেন শাহান কবন্ধ। ঐশী বলেন, ‘গত এক বছর ধরে আমরা সবাই গানটি নিয়ে বিশেষভাবে চর্চা করেছি। কখনো সুর একটু পরিবর্তন হয়েছে, কখনো সংগীত। সবশেষে চূড়ান্তভাবে আমার মনের মতো হওয়াতে ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করেছি। আমার অন্যান্য গানের পাশাপাশি শ্রোতারা ‘ভালোবাসা এমনই রোগ’ গানটি খুব পছন্দ করেছেন। আমার বিশ্বাস, দিন যত যাবে গানটি শ্রোতাদের কাছে আরো ভালোলাগায় পরিণত হবে। সত্যি বলতে কি, ভালো কিছু গান অবশ্যই করতে চাই, যেন গানগুলো শ্রোতা-দর্শকের অন্তরে বেঁচে থাকে।