আনন্দ বিনোদন প্রতিবেদক
গত ঈদে সাউন্ডটেক থেকে প্রকাশিত হয় কবির বকুলের লেখায় ঝিলিক ও জয়ের কণ্ঠে ‘শুধু ইচ্ছে হয়’ শিরোনামে গানের মিউজিক ভিডিও। এই গানটির জন্য ভালো সাড়া পাচ্ছেন বলে জানিয়েছেন জয়; সেইসঙ্গে জানালেন নতুন গান মুক্তির খবর। সম্প্রতি রিলিজ হয়েছে সংগীতশিল্পী বিন্দু কনার সঙ্গে জয়ের রোমান্টিক গান ‘নজর দিও না গো’। গানটির গীতিকার সুরকার রবিউল হাসান এবং সংগীত পরিচালনা করেছেন মান্নান মোহাম্মদ। গানটি রিলিজ হয়েছে সাউন্ড বিডি’র ইউটিউব চ্যানেলে। নতুন গান প্রসঙ্গে জয় বলেন, ‘নতুন গানটি মিউজিক ভিডিও করে ছাড়ার ইচ্ছে ছিল। কিন্তু ঈদের পরে লকডাউনের কারণে সেই সুযোগ আর পেলাম না। এদিকে কবির বকুল ভাইয়ের লেখা ‘শুধু ইচ্ছে হয়’ গানটির ভালো সাড়া পাচ্ছি, তাই ভাবলাম কাছাকাছি সময়ে আরেকটি নতুন গান নিয়ে আসি। তাই স্টুডিওতে শুটিং করে ভিডিও বানিয়েছি। গানের কথা, সুর এবং আমাদের দুজনের গাওয়া সব মিলিয়ে এই গানটিও সবার ভালো লাগবে আশা করছি। বিন্দু কনা ভালো গেয়েছেন।’ বিন্দু কনা বলেন, ‘আমি জয় ভাইয়ের আগের গানগুলো শুনেছি, তিনি আসলে গানের মানুষ, ভালো গাইতে পারেন, তাই একসঙ্গে গান করা। অত্যন্ত রোমান্টিক একটি গান গেয়েছি আমি আর জয় ভাই। আমার বিশ্বাস গানটি দর্শক-শ্রোতার মন ভরাবে।’
২০০১ সালে ‘সাদা কাফন পরাইয়া’ নামে একটি অ্যালবাম প্রকাশের মাধ্যমে সংগীতের ময়দানে যাত্রা শুরু করেছিলেন জয়। নানা জটিলতায় পরে গান গাওয়া থেকে দূরে থাকেন। প্রায় দুই দশক পরে গত বছর লকডাউনের শুরুতে আবার গানে ফিরে আসেন।
