ইন্দিরা গান্ধীর ভূমিকায়

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ২০:৫২

রে জা উ ল  ক রি ম  খো ক ন

 

১৯৮০’র দশকের ভারতের একটি যাত্রীবাহী বিমান ছিনতাইয়ের চাঞ্চল্যকর রুদ্ধশ্বাসপূর্ণ বাস্তব ঘটনা অবলম্বনে নির্মিত বলিউডের  সাসপেন্স থ্রিলার সিনেমা ‘বেলবটম’ মুক্তি পাচ্ছে এ সপ্তাহেই। কয়েক সপ্তাহ আগে নতুন এ ছবির ট্রেলার মুক্তির পর দর্শকদের মধ্যে এক ধরনের চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। নাহ্, ‘বেলবটম’ ছবির নায়ক নিয়ে এ চাঞ্চল্য নয়। চাঞ্চল্য হলো ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে দেখা যাবে এ ছবিতে। কারণ বেলবটম ছবিতে যে সময়ের বিমান ছিনতাইয়ের ঘটনা তুলে ধরা হয়েছে সে সময়ে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। সেই সময়ে বিমান ছিনতাইয়ের পরবর্তী সময়গুলোতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ব্যাপারগুলো স্বাভাবিকভাবেই এসেছে ছবিতে। ‘বেলবটম’ ছবির ট্রেলারে ইন্দিরা গান্ধীকে দেখে সবাই বেশ চমকে উঠেছেন। ঠিক তার মতো দেখতে। একই রকম কথা বলার ভঙ্গি, হাঁটা-চলার স্টাইল, মাথার চুল, শাড়ি পরার একই স্টাইল একই ম্যানারিজম। সাধারণভাবে দর্শক কৌতূহলী হয়েছেন ঐতিহাসিক এই গুরুত্বপূর্ণ চরিত্রটি কে রূপায়ন করেছেন তা জানতে। ছবিতে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছেন লারা দত্ত। মিস ইউনিভার্স শিরোপা জয়ী বিশ্বসুন্দরী এই বলিউড অভিনেত্রীকে গত বেশ কয়েক বছর ধরে রূপালি পর্দায় নতুন কোনো সিনেমায় দেখা যায় না। তাকে সর্বশেষ গত বছর এপ্রিল মাসে ওটিটি প্ল্যাটফর্ম হটস্টারে এ মুক্তিপ্রাপ্ত কমেডি ডিটেকটিভ ওয়েব সিরিজ ‘হানড্রেড’-এ প্রধান ভূমিকায় দেখা গেছে। এক নারী পুলিশ কর্মকর্তার উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে নানা বিভ্রাট সৃষ্টির মজার গল্প নিয়ে আবর্তিত ওয়েব সিরিজটিতে লারাকে ভিন্ন এক ইমেজে দেখেছেন দর্শক। বড় পর্দায় তাকে সর্বশেষ দেখা গেছে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়েলকাম টু নিউইয়র্ক’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। ২০০৩ সালে ‘আন্দাজ’ ছবির মাধ্যমে অভিনেত্রী হিসেবে পথচলা শুরু করে মাস্তি, বরদাশত, আন, ইনসান, এলান, জুরম, কাল, নো এন্ট্রি, দোস্তি, জিন্দা, ভাগাম ভাগ, ঝুম বরাবর ঝুম, পার্টনার, বিল্লু, ব্লু, হাউজফুল, চলো দিল্লি, ডন টু, সিং ইজ ব্লিং, আজহার প্রভৃতি সিনেমায় গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয়ের মাধ্যমে নিজেকে একজন তারকারূপে প্রতিষ্ঠিত করেছেন। যদিও তার সমসাময়িক আরেক বিশ্বসুন্দরী বলিউড অীভনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া তুলনামূলকভাবে অনেকটা এগিয়ে থাকলেও লারা ঠিক সেভাবে নিজেকে এগিয়ে রাখতে পারেননি। বিশ্বসুন্দরী শিরোপা জয়ের খ্যাতি ও পরিচিতির পাশাপাশি তার মধ্যে যথেষ্ঠ সম্ভাবনা ছিল। তবে তার সেই সম্ভাবনাকে সঠিকভাবে কাজে লাগাতে পারেননি নির্মাতারা। ৪৬ বছর বয়সী লারা বিয়ে করে সংসারী হয়েছেন আরো আগেই। বিখ্যাত টেনিস তারকা মহেশ ভূপতির ঘরণী এই বলিউড অভিনেত্রী বর্তমানে ৯ বছর বয়সী একমাত্র কন্যা সায়রার জননীও। দীর্ঘ কয়েক বছর পর ‘বেলবটম’ ছবিতে ভারতের প্রয়াত  প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে রূপদানের মাধ্যমে লারার রূপালি পর্দায় ফিরে আসাটা নিঃসন্দেহে তাত্পর্যপূর্ণও বটে। বিখ্যাত একটি ঐতিহাসিক নারী চরিত্রকে বিশ্বাসযোগ্যভাবে দর্শকদের সামনে তুলে ধরাটা তার জন্য নতুন চ্যালেঞ্জ ছিল। এ প্রসঙ্গে লারা তার কাজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, ‘করোনা মহামারির সময়ে আমরা ‘বেলবটম’ ছবির শুটিং করেছি। ইন্দিরা গান্ধীর ভূমিকায় ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে মনে অনেক দ্বিধা-ভয় ও  সংকোচ কাজ করছিল। আমার অভিনয় জীবনের প্রথম নায়ক অক্ষয় কুমার এ ছবির প্রধান তারকা। অক্ষয় সবসময়েই আমার ফ্রেন্ড, ফিলসফার অ্যান্ড গাইড হিসেবে আমার পাশে থেকেছে। একসঙ্গে বেশকিছু ছবি করেছি আমরা। এর আগে ‘সিং ইজ ব্লিং’ ছবিটি করেছি। অক্ষয়ই আমাকে ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয়ে উদ্বুদ্ধ করেছে। চরিত্রটি রূপায়নের জন্য শুটিংয়ের আগে অনেক হোমওয়ার্ক করতে হয়েছে আমাকে। অনেক ভিডিও ফুটেজ দেখে ইন্দিরা গান্ধীর নানা বিষয় রপ্ত করেছি আর চরিত্রটি ফুটিয়ে তুলতে আমাকে প্র্যাকটিস মেকআপ নিতে হয়েছে। যা বেশ কঠিন একটি কাজ। এ জন্য যথেষ্ট কষ্ট করতে হয়েছে। আমার মেকআপ দেখে পরিবারের সবাই চমকে গেছে। আমার মেয়ে সায়রা বলেছে ‘ওরা তো তোমাকে মেরে ফেলবে, তুমি নিঃশ্বাস নিচ্ছ কীভাবে, মেকআপের চাপে তো তুমি শ্বাস বন্ধ হয়ে মারা যাবে। আর আমার স্বামী মহেশ ভূপতি তো ইন্দিরা গান্ধীর মেকআপ থাকা অবস্থায় আমার কাছে আসতেই ভয় পেয়েছে। আমাকে দেখতে নাকি সত্যি সত্যি ইন্দিরা গান্ধীর মতো লেগেছে। কোনোভাবেই লারা মনে হয়নি তার কাছে।’

 

 

০