আফগান নারী প্যারালিম্পিয়ানের আকুতি

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ২০:৫৩

আগামী ২৪ আগস্ট থেকে শুরু হচ্ছে টোকিও প্যারালিম্পিক গেমস। আসরটিতে প্রথম নারী প্যারালিম্পিয়ান হিসেবে আফগানিস্তানকে প্রতিনিধিত্ব করার কথা তায়াকোয়ান্দো অ্যাথলেট জাকিয়া খুদাদাদি। কিন্তু আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির কারণে প্যারালিম্পিকসে তার খেলা নিয়ে বিরাজ করছে রাজ্যের শঙ্কা। তবু আশা ছাড়ছেন না জাকিয়া। খেলতে দেওয়ার আকুতি জানিয়েছেন তিনি।

জাকিয়া ছাড়াও প্যারালিম্পিকসে আফগানিস্তানের আরেক প্রতিনিধি হোসেইন রাসুলি। টোকিওর উদ্দেশ্যে গত মঙ্গলবারই দেশ ছাড়ার কথা ছিল তাদের। কিন্তু তালেবানরা আফগানিস্তানের দখল নেয়ার পর এখনো দেশেই রয়েছেন তারা।

এক বিবৃতিতে ২৩ বছর বয়সী জাকিয়া বলেন, ‘আমি একজন আফগান নারী এবং আফগান নারীদের প্রতিনিধি হিসেবে আমি আপনাদের অনুরোধ করছি আমাকে সাহায্য করুন। আমার লক্ষ্য টোকিও প্যারালিম্পিক গেমসে অংশগ্রহণ করা। দয়া করে আমার পাশে থেকে আমাকে সাহায্য করুন। আমি ঘরবন্দী আছি, আত্মবিশ্বাস ও নিরাপত্তার অভাবে ঘর থেকে বের হতে পারছিনা, নিজের জন্য কিছু কিনতে পারছি না এবং দ্রুত টোকিওতে কিভাবে যাব সে ব্যাপারে কাউকে জিজ্ঞেসও করতে পারছি না।’

জাকিয়াকে অলিম্পিকসে পাঠানোর ব্যাপারে পুরোদমে চেষ্টা করছেন লন্ডনে থাকা আফগানিস্তান প্যারালিম্পিকস দলের প্রধান আরিয়ান সাদিকি। যুক্তরাজ্য প্যারালিম্পিক কমিটির কাছে সাহায্যের আবেদন করবেন তিনি। তাতে যদি সাড়া না মিলে, সুইজারল্যান্ডে অবস্থিত স্পোর্টস ও হিউম্যান রাইটস কার্যালয়ে যাওয়ার চেষ্টা করবেন সাদিকি।   

ইত্তেফাক/এসআই