স্পোর্টস রিপোর্টার
টানা দুটি টি-২০ সিরিজ জিতেছে বাংলাদেশ। জিম্বাবুয়ে সফরের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে ২৪ আগস্ট বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। যদিও দ্বিতীয় সারির দল পাঠাচ্ছে কিউইরা। বিশ্বকাপ খেলবেন এমন কোনো ক্রিকেটারই নেই তাদের দলে। প্রতিপক্ষ যেমনই হোক আগের সিরিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা নিউজিল্যান্ডের বিপক্ষেও আশা করছেন সাদমান ইসলাম।
টেস্ট দলের এ ওপেনার বলছেন, টানা সিরিজ জয় টি-২০ বিশ্বকাপে আত্মবিশ্বাস জোগাবে বাংলাদেশকে। বর্তমানে শুধু সাদা পোশাকে খেললেও অদূর ভবিষ্যতে তিন ফরম্যাটেই বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চান সাদমান।
নিউজিল্যান্ডের বিরুদ্ধেও সফল একটি সিরিজ আশা করছেন এ বাঁহাতি ওপেনার। গতকাল তিনি বলেছেন, ‘অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে আমরা আমাদের দেশে ভালো একটা সিরিজ জিতলাম। পারফরম্যান্স বেশ ভালো। আর এই সিরিজ জয়টা বিশ্বকাপে আমাদের খুব কাজে দেবে। আশা করি, সামনে নিউজিল্যান্ড সিরিজেও আমরা ভালো খেলব।’
পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত থাকলে সিরিজ জিততে সমস্যা হবে না বাংলাদেশ দলের। সাদমান বলেছেন, ‘আমাদের শেষ সিরিজটা ভালো হয়েছে। সবাই খুব ভালো ফর্মে আছে। আশা করি, নিউজিল্যান্ড সিরিজেও সবাই এরকম ফর্মে থাকবে এবং ভালো একটা সিরিজ শেষ করবে।’
২০১৮ সালে শেষ দিকে টেস্ট অভিষেক হয় সাদমানের। ৮ টেস্টের ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরিটি পেয়েছেন সর্বশেষ জিম্বাবুয়ে সফরে। এখন ধীরে ধীরে বাকি দুই ফরম্যাটের জন্যও নিজেকে প্রস্তুত করতে চান ২৬ বছর বয়সি এ ওপেনার।
গতকাল তিনি বলেছেন, ‘সব ফরম্যাটে খেলার ইচ্ছে তো থাকেই। এখন যেমন অফ সিজন আছে, আমি চেষ্টা করতেছি আমার কোথায় ঘাটতি সেটা ধরার, কীভাবে নিজেকে ওপরের দিকে নেওয়া যায়, এটা নিয়েই কাজ করতেছি। আশা করি, ভালো পারফরম করলে নিজেকে ঐ জায়গায় নিয়ে যেতে পারব।’
আগামী মাসে চট্টগ্রামে এইচপির বিরুদ্ধে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলবেন টেস্ট দলের ক্রিকেটাররা। এখন ঐ সিরিজটার জন্যই প্রস্তুত হচ্ছেন মুমিনুল-সাদমানরা।
