লাকসাম-চিওড়া সড়ক
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা
লাকসাম-নাঙ্গলকোট-চিওড়া সড়কের নাঙ্গলকোট পৌরসভার কোদালিয়া অংশে ফাটল ধরে ভেঙে পড়ছে পার্শ্ববর্তী পুকুরে। এতে সড়কটি যানবাহন ও জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
সরেজমিনে দেখা গেছে, সড়ক ও জনপথ বিভাগের লাকসাম-নাঙ্গলকোট-চৌদ্দগ্রামের চিওড়া (ঢাকা-চট্টগ্রাম বিশ্ব রোড সংযোগ) সড়কটি নাঙ্গলকোট উপজেলার প্রধান একটি আঞ্চলিক সড়ক। প্রতিদিন এ সড়ক দিয়ে শত শত হালকা ও ভারী যানবাহন চলাচল করে। এটি দিয়ে নাঙ্গলকোট উপজেলাবাসীসহ পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলের জনসাধারণ ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে চলাচল করে। জনগুরুত্বপুর্ণ ও ব্যস্ততম সড়কের নাঙ্গলকোট পৌর সদরের কোদালিয়ায় পল্লী বিদ্যুত্ অফিসের উত্তর পাশে ফাটল ধরে সড়কের কিছু অংশ ভেঙে পুকুরে পড়েছে। জরুরি ভিত্তিতে এটি মেরামত করা না হলে সড়কের পুরো অংশ ধসে পড়ার আশঙ্কা রয়েছে। সিএনজি চালক আব্দুর রশিদ বলেন, সড়কটি উপজেলার একটি প্রধান সড়ক। এ সড়ক দিয়ে গুরুত্বপুর্ণ ব্যক্তিসহ সব পেশার মানুষ চলাচল করেন। সড়কটি কিছু অংশ ভেঙে পুকুরে পড়ে গেছে। জরুরি মেরামত করা না হলে পুরোটাই ভেঙে যাবে। এ সড়ক দিয়ে যাতায়াতকারী টাক্ট্ররচালক জালাল আহমেদ বলেন, সড়কটি মেরামতের বছরখানেকের মধ্যেই ভেঙে পুকুরে পড়েছে। আরো কয়েক স্থানে দেখা দিয়েছে ফাটল। মেরামত করা না হলে কিছুদিন পর এ সড়কে যান চলাচল একেবারে বন্ধ হয়ে যাবে।
সড়ক ও জনপথ বিভাগের (সওজ) লাকসাম অফিসের উপ-সহকারী প্রকৌশলী আজিম উদ্দিন বলেন, সড়কটি ফেটে ভেঙে পড়ার খবর পেয়েছি। কয়েক দিনের মধ্যে ফাটল স্থানে মেরামতের ব্যবস্থা করা হবে।
