করোনায় জনগণের পাশে না থেকে সংঘর্ষে লিপ্ত বিএনপি নেতাকর্মীরা :তথ্যমন্ত্রী

আপডেট : ১৮ আগস্ট ২০২১, ২১:৩৪

ইত্তেফাক রিপোর্ট

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, জনগণের পাশে না দাঁড়িয়ে করোনা পরিস্থিতির মধ্যেও বিএনপি নেতাকর্মীরা সংঘর্ষে লিপ্ত। গতকাল দুপুরে তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের জহির রায়হান কালার ল্যাব মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক, পরিচালক ও শিল্পীবৃন্দ আয়োজিত আলোচনাসভা ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের করোনা চিকিত্সায় বিনা মূল্যে অক্সিজেন ব্যাংক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

‘একটি রাজনৈতিক দল জনগণের পাশে দাঁড়ায়নি’ উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘করোনার মধ্যে কোথায় তারা জনগণের পাশে দাঁড়াবে, মানুষকে সহায়তা করবে, সেটা না করে মঙ্গলবার বিএনপি চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের তথাকথিত কবরে গিয়ে ফুল দেওয়ার নামে মারামারি করেছে, পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছে। অর্থাত্ তারা যে সন্ত্রাসের রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারে নাই, এই করোনার মধ্যেও সেটির বহিঃপ্রকাশ হচ্ছে মঙ্গলবারের ঘটনা।’ ড. হাছান মাহমুদ এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সব শহিদের প্রতি গভীর শ্রদ্ধা জানান ।

তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন দেশের ৮০ শতাংশ মানুষকে করোনার টিকা দিবেন। ইতিমধ্যেই প্রায় ২ কোটি মানুষকে টিকা দেওয়া হয়েছে। চলচ্চিত্র প্রযোজক পরিচালক ও পরিবেশক খোরশেদ আলম খসরুর সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য উম্মে ফাতেমা শিউলি আজাদ, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন এবং চলচ্চিত্র ব্যক্তিত্ব আব্দুল লতিফ বাচ্চু, শাহ আলম কিরণ, মুশফিকুর রহমান গুলজার, চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক ওমর সানি, অনন্ত জলিল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, চিত্রনায়িকা নিপুণ এবং বর্ষা বক্তব্য রাখেন।