নওগাঁ জেলার সদর থানার সাহাপুর গ্রামের দীপু হোসেনকে লিবিয়ায় জিম্মি করে বাংলাদেশে তার স্বজনদের কাছ থেকে মোবাইল বিকাশের মাধ্যমে মুক্তিপণ আদায়ের ঘটনায় চক্রের দুই সদস্যকে বুধবার ভোররাতে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়েছে। কুমিল্লা ডিবি পুলিশের একটি টিম জেলার চান্দিনা উপজেলা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। বুধবার রাত ৮টার দিকে তাদের নওগাঁ জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে—জেলার চান্দিনা উপজেলার আটচাইল গ্রামের হিরণ মিয়ার ছেলে নাভিদ হাসান (২১) ও একই এলাকার আবু তাহেরের ছেলে বিকাশ এজেন্ট কামাল হোসেন (৩৮)।
