রাজধানীর চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের মাজারে গত মঙ্গলবার বিএনপি নেতাকর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে গতকাল বুধবার ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানায় প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে দলটি।
বিএনপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর নেতৃত্বে প্রথমে মৌচাক এলাকায় মিছিলের প্রস্তুতিকালে পুলিশ তিন জনকে গ্রেফতার করে। পরে তারা মালিবাগ বিশ্বরোড এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ সেখানেও বাধা দেয়, পরে পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া খিলগাঁও, ধোলাইপাড়, চকবাজার, সূত্রাপুর, কদমতলী, শাহবাগ, নিউমার্কেট, কামরাঙ্গীরচর, ডেমরা, মতিঝিল, মুগদা ও বংশালসহ বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।
