মানিকগঞ্জের সদর উপজেলার কেওয়ারজানি এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে দেশীয় পিস্তল, লোহার রড ও রামদাসহ গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া গ্রামের হানিফ মিয়ার ছেলে মহিদুর রহমান মধু, সদর উপজেলার বড় সুরুন্ডি গ্রামের নজরুল ইসলামের ছেলে আনোয়ার হোসেন, মানরা গ্রামের আব্দুল হকের ছেলে হূদয় হোসেন ও দেড়গ্রামের মনুর উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেন।
মানিকগঞ্জ সদর থানার ওসি আকবর আলি খান বিষয়টি নিশ্চিত করে বলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহার দিকনির্দেশনায় এসআই মো. টুটুল উদ্দিন, শফিকুল ইসলাম সরদার, মো. জামিনুর রহমান তাদের সঙ্গীয় ফোর্সদের নিয়ে কেওয়ারজানি এলাকায় মঙ্গলবার রাত ১টার দিকে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের চার সদস্যকে গ্রেফতার করে।
তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের নামে বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, মাদকসংক্রান্ত একাধিক মামলা রয়েছে। মানিকগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
