দেশের টাকা নিয়ে পালানোর কথা অস্বীকার করেছেন আফগানিস্তানের সদ্য সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি। একই সঙ্গে তিনি এটাও দাবি করেছেন যে, রক্তপাত যেন না হয় সে জন্যই কাবুল ত্যাগ করেন। বুধবার (১৮ আগস্ট) সংযুক্ত আরব আমিরাত থেকে তিনি এসব কথা বলেন। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স ও ডন।
প্রতিবেদনে বলা হয়, গত রবিবার তালেবান বাহিনী কাবুলে ঢুকে পড়ায় হঠাৎ করেই দেশ ত্যাগ করে পালিয়ে যান প্রেসিডেন্ট আশরাফ গনি। এরপরই তিনি সাবেক মন্ত্রী ও জনগণের ব্যাপক সমালোচনার মুখে পড়েন।
ফেসবুকে প্রচারিত একটি ভিডিওতে আশরাফ গনি বলেন, ‘যদি আমি থাকতাম তাহলে কাবুলে রক্তপাতের সাক্ষী হতাম।’
সরকারি কর্মকর্তাদের পরামর্শেই আফগানিস্তান ত্যাগ করেছেন বলে দাবি করেন তিনি।
আফগানিস্তান থেকে পালানোর পর এটাই তার প্রথম জনসম্মুখে আসা। এর মাধ্যমে এটাও নিশ্চিত হওয়া গেলো যে, তিনি এখন সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন।
ইত্তেফাক/টিএ
