তালেবান কর্তৃক আফগান সরকারের পতন ঘটেছে। এর মধ্য দিয়ে দীর্ঘ ২০ বছর পর আবারও দেশটির ক্ষমতায় বসতে যাচ্ছে গোষ্ঠীটি। এমন পরিস্থিতিতেই তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান জানিয়েছেন, কাবুল বিমানবন্দরে নিরাপত্তা বজায় রাখা এখনো তুরস্কের লক্ষ্য। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, সামরিক জোট ন্যাটোর সদস্য তুরস্ক। আফগানিস্তানে তাদের শত শত সৈন্য রয়েছে। ন্যাটো বাহিনীর অন্যান্য সদস্য প্রত্যাহারের পর কাবুল বিমানবন্দর পাহারা দিতে এবং পরিচালনার জন্য তুর্কি সেনাদের আফগানিস্তানে রাখার প্রস্তাব নিয়ে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা আলোচনা করেছিল।
চলতি সপ্তাহে তুর্কি সূত্র রয়টার্সকে জানিয়েছে, কাবুলে বিশৃঙ্খলার কারণে সেই মূল পরিকল্পনাগুলো বাদ দেওয়া হয়েছে। তবে তুরস্ক এখনো তালেবানদের বিমানবন্দরে নিরাপত্তা ও প্রযুক্তিগত সহায়তা দেওয়ার প্রস্তাব দিচ্ছে।
টেলিভিশন সাক্ষাৎকারে এরদোয়ান আরও বলেন, তিনি ইসলামপন্থী তালেবানের সঙ্গে সহযোগিতার জন্য প্রস্তুত আছেন।
ইত্তেফাক/টিএ
