ঘোড়দৌড় উৎসবের ভিডিও করায় ১১০ তিব্বতি আটক

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ১২:৫৫

চীন তিব্বতের মানুষকে হয়রানি করেই চলেছে। এবার স্থানীয় ঘোড়দৌড় উৎসবের ভিডিও তোলার জন্য ১১০ তিব্বতিকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৮০ জনকে জরিমানা আদায় করে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ৩০ জনের ব্যাপারে কিছু জানা যায়নি। বুধবার (১৮ আগস্ট) এসব জানিয়েছে তিব্বত প্রেস।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় চীনা কর্তৃপক্ষ সকাল সাড়ে নয়টার দিকে গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করেন। তারা গ্রামবাসীকে তাদের মোবাইল ফোন টেবিলে একটি বাক্সে রাখতে বলে এবং পরে একটি অনুসন্ধান অভিযান চালায়। সভায় এগারো জন পুলিশ অফিসার উপস্থিত ছিলেন এবং তারা ১১০ জনের নাম ধরে ডেকে তাদের থানায় নিয়ে যান।

চীনা সৈন্যরা ১৯৫০ সালে তিব্বত দখল করেছিল। ১৯৫৯ সালে তিব্বতি বিদ্রোহীদের সঙ্গে চীনা সেনাদের ব্যাপক সংঘর্ষ হয়। ১৪তম দালাই লামা চীনের শাসনের বিরুদ্ধে ব্যর্থ অভ্যুত্থানের পর প্রতিবেশী ভারতে পালিয়ে যান। তিনি ভারতে নির্বাসিত সরকার প্রতিষ্ঠা করেন।

ইত্তেফাক/এসএ