মাকে নিয়ে

আপডেট : ১৯ আগস্ট ২০২১, ২১:২৪

মাকে আমি আম্মা বলি, কেউবা বলে মাম,

যে যা-ই বলুক, হয়না মায়ের আদরগুলোর দাম!

এক জীবনে হয়না তো শোধ মায়ের যতো ঋণ,

মা-তো আমার মায়ায় ভরা ছোট্টবেলার দিন!

যখন আমি ছোট্ট ছিলাম বোল ফোটেনি মুখের,

মায়ের কোলে আঁকড়ে থাকা কী যে ছিল সুখের!

যখন আমি বসতে শিখি কাঁপছি ভয়ে ডরে,

কী যে মায়ের সাবধানতা না যেন যাই পড়ে!

যখন আমি হাঁটতে শিখি হাঁটি হাঁটি পা-পা,

মায়ের দেওয়া হাতটা ধরেই থামতো আমার কাঁপা!

যখন আমার প্রথম সোপান বর্ণমালা শিখি,

মায়ের হাতে হাতটা রেখেই প্রথম লেখা লিখি!

যখন আমি ইসকুলে যাই প্রথমবারের মতো,

মায়ের চোখের আড়াল হতেই কান্না আসে যতো!

যখন আমি অনেক বড় বেড়াই শান্তি খুঁজে,

মায়ের হাতের ছোঁয়াচ পেলেই চোখটা আসে বুজে!

যখন থাকি ব্যস্ত ভীষণ অনেক অনেক দূরে,

মনটা যে চায় মায়ের কাছে এক্ষুনি যাই উড়ে!

মা যে আমার সব ভরসা এই জীবনে আজও,

ভাবলে মাকে হয় যে সহজ অনেক কঠিন কাজও!

হূদয় জুড়েই মা যে আমার ভালবাসার চাদর,

মায়ের কাছেই সবটুকু সুখ মায়ের কাছেই আদর!